রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ছবি সংগৃহীত একুশের কন্ঠ অনলাইন ডেস্ক : বাংলাদেশি হজযাত্রীদের জন্য হজের সুযোগ বাড়ানো এবং হজ ও ওমরাহ পালন আরও সহজ করতে সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দিয়েছে সৌদি আরব। অন্য দেশ নির্ধারিত হজ কোটা পূরণ করতে না পারলে অব্যবহৃত সেই কোটা বাংলাদেশকে দেওয়ার বিষয়েও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে দেশটি।
২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের আগে গত সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত বাংলাদেশ ও সৌদি আরবের উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। অন্যদিকে সৌদি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ।
আলোচনায় বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী পবিত্র হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ ও সেবার প্রশংসা করেন। পাশাপাশি বাংলাদেশি হজযাত্রীদের প্রতি সৌদি সরকারের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। দুই দেশের মধ্যে যোগাযোগ, সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। এ সময় তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
জবাবে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন। বাংলাদেশি হজযাত্রীদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, অন্য কোনো দেশ তাদের নির্ধারিত হজ কোটা পূরণে ব্যর্থ হলে অব্যবহৃত কোটা বাংলাদেশের অনুকূলে বরাদ্দ দেওয়ার বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের জন্য যা যা করা প্রয়োজন, আমরা তা করব।” একই সঙ্গে হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করেন সৌদি মন্ত্রী।
বৈঠকে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মানাখারাহ এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন দাফের ইবন উবাইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন এবং জেদ্দার কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।