শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

১৪ মার্চ থেকে শুরু ওয়ালটন স্বাধীনতা দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ ২৪ ডটকম : বঙ্গবন্ধু জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামী ১৪ মার্চ রবিবার থেকে শুরু হচ্ছে “ওয়ালটন স্বাধীনতা দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা (পুরুষ ও নারী)। পুরুষ ও নারী দুই বিভাগেই প্রতিযোগিতা হবে। পুরুষ বিভাগে পাঁচটি দল অংশ নেবে (বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ হ্যান্ডবল ক্লাব)। আর নারী বিভাগে অংশ নেবে চার দল (বাংলাদেশ আনসার, পুলিশ হ্যান্ডবল ক্লাব ও জামালপুর স্পোর্টস একাডেমি এবং নসরুল হামিদ স্পোর্টস একাডেমি)। পুরুষ ও নারী দুই বিভাগেই প্রতিটি দল একে অন্যের বিপক্ষে খেলবে। সেরা দুই দল ২১ মার্চ ফাইনালে মুখোমুখি হবে। টুর্নামেন্টের সমাপনীর দিন হ্যান্ডবলের সঙ্গে সম্পৃক্ত পাঁচ বা সাত ব্যক্তিকে সম্মাননা জানানো হবে।

এ উপলক্ষ্যে ১১ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান পুলিশের এডিসি কাজী রোমানা হক ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর এবং টুর্নামেন্ট কমিটির সম্পাদক মকবুল হোসেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, ওয়ালটনের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান পুলিশের এডিসি কাজী রোমানা হক ও ফেডারেশনের সহ-সভাপতি নুরুল ইসলাম এছাড়া আরও অনেকে উপস্থিত ছিলেন।
ওয়ালটন স্বাধীনতা দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা কার্যক্রম পরিচালনার জন্য ৬,৫২,২০০/- (ছয় লক্ষ বায়ান্ন হাজার দুইশত) টাকার বাজেট ধার্য করা হয়েছে। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ হতে ৫,০০,০০০/- (পাচঁ লক্ষ) টাকা প্রদান করা হবে।
করোনার দুরত্ব বজায় রেখে প্রতিযোগিতার সকল খেলা সামাজিক দুরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com