বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

হারারে টেস্ট মাহমুদউল্লাহ ও তাসকিনের রেকর্ডে ভাল অবস্থানে বাংলাদেশ

মুজিবুর রহমান, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম : দীর্ঘ ১৮ মাস পর টেস্টে জায়গা করে নিয়ে আটনম্বরে ব্যাট করা মাহমুদুল্লাহ নিজের অপরিহার্যতা ইতিহাসের পঞ্চম সেরা ইনিংস উপহার দিয়ে আরও একবার প্রমাণ করলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

চাপের মুখে ক্যারিয়ারসেরা ইনিংসটাই খেললেন ডানহাতি এই ব্যাটসম্যান। তাসকিন আহমেদকে সঙ্গে নিয়ে রেকর্ডে জুটি গড়লেন। যার ওপর ভর করেই কঠিন বিপদ থেকে উদ্ধার হলো দল।
জিম্বাবুইয়ে পেসারদের সঙ্গে লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ। ২৯৪ রানে ৮ উইকেট যাওয়াতে বাংলাদেশ দলের ইনিংস খুব বড় হবে এমনটা কেউ ভাবেননি। তবে মাহমুদুল্লাহ-তাসকিন অবিস্মরণীয় ব্যাটিং করে বেশকিছু রেকর্ডের জন্ম দিলেন। তাই দ্বিতীয়দিন বাংলাদেশ আরও ২ উইকেট হারিয়ে ১৯৮ রান যোগ করে প্রথম ইনিংসে গুটিয়ে গেল ৪৬৮ রানে। এটি জিম্বাবুইয়ের মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। মাহমুদুল্লাহ-তাসকিন ১৯১ রানের জুটি গড়ে টেস্ট ইতিহাসে নবম উইকেটে দ্বিতীয় সেরা জুটির রেকর্ড গড়েন। ১৮ মাস পর টেস্টে নেমে ৮ নম্বরে ব্যাট করা মাহমুদুল্লাহ এ পজিশনে ইতিহাসের পঞ্চম সেরা ইনিংস উপহার দেন। ক্যারিয়ারসেরা ১৫০ রানে অপরাজিত থাকেন তিনি। দারুণ জবাব দিচ্ছে জিম্বাবুইয়েও। দিনশেষে ১ উইকেটে ১১৪ রান তুলেছে তারা। তবে বাংলাদেশ এগিয়ে আছে ৩৫৪ রানে। খারাপ কিছুর যে শঙ্কা ছিল প্রথমদিন, নিশ্চিতভাবেই দ্বিতীয়দিন তা কাটিয়ে উল্টো হারারে টেস্টে সুবিধাজনক অবস্থানে গেছে টাইগাররা।

প্রথমদিন তিন পেসার ব্লেসিং মুজারাবানি, ভিক্টর নিয়াউচি ও ডোনাল্ড তিরিপানো ছড়ি ঘুরিয়েছেন বাংলাদেশ দলের ওপর। ধুঁকতে ধুঁকতে মুমিনুল হক, লিটন দাস ও মাহমুদুল্লাহ রিয়াদের অর্ধশতকের পরও ৮ উইকেটে ২৯৪ রান তুলে শেষ করে দিন। বিশেষ করে তাসকিন চড়াও হয়ে খেলতে থাকেন জিম্বাবুইয়ে বোলারদের ওপরে। সাবলীল, স্বাচ্ছন্দ্যে দ্রুতবেগে তিনি ৬৯ বলে ফিফটি পেয়ে যান ৮ বাউন্ডারিতে। এটি তার যে কোন পর্যায়ের যে কোন ফরমেটে প্রথম অর্ধশতক। মূলত ডানহাতি গতিময় বোলার হিসেবেই পরিচিতি তার, কিন্তু বাঁ হাতে যে এত ভাল ব্যাটিং করেন তার নজির তিনি দেখিয়েছেন এদিন হারারেতে। মাহমুদুল্লাহও পেয়ে যান ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। সেটিই সহ্য করতে পারেননি মুজারাবানি ও নিয়াউচি- মেজাজ হারিয়ে এ দুই ব্যাটসম্যানের সঙ্গে তারা উত্তপ্ত বাক্য বিনিময়ে লিপ্ত হয়েছেন। আম্পায়ারকে হস্তক্ষেপ করতে হয়েছে। তবে এসব তাসকিন-মাহমুদুল্লাহর ব্যাটিংয়ে প্রভাব ফেলেনি একটুও।
বিরতির পর আবারও একইভাবে শুরু করেন তাসকিন-মাহমুদুল্লাহ। মাত্র ৪ রান দূরে থাকতে তাসকিন-মাহমুদুল্লাহর অবিশ্বাস্য ও অবিস্মরণীয় এ জুটির বিচ্ছেদ ঘটে। অনিয়মিত বাঁহাতি পেসার মিল্টন শুমবা ক্যারিয়ারের প্রথম টেস্ট উইকেট নেন তাসকিনকে বোল্ড করে। ১৩৪ বলে ১১ চারে ৭৫ রান করেন তিনি। এরপর আর বেশিক্ষণ থাকেনি বাংলাদেশের ইনিংস। ক্যারিয়ারসেরা ১৫০ রানে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ ২৭৮ বলে ১৭ চার ও ১ ছয়ে। টেস্ট ইতিহাসে ওয়াসিম আকরাম (২৫৭*), ইমতিয়াজ আহমেদ (২০৯), জ্যাসন হোল্ডার (২০২*) ও কামরান আকমলের (১৫৪) পর পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ৮ নম্বরে নেমে এত বড় ইনিংস খেললেন মাহমুদুল্লাহ। মুজারাবানি ৯৪ রানে নেন ৪ উইকেট। স্বাগতিক জিম্বাবুইয়ে জবাব দিতে নেমে দারুণভাবে শুরু করে। দীর্ঘ প্রায় ৪ ঘণ্টা ব্যাটিং করে বোলিং শুরু করেন তাসকিন। টানা ৪ ওভারও করেন। জিম্বাবুইয়ের দুই ওপেনার শুমবা ও তাকুদজওয়ানাশে কাইতানো ৬১ রানের জুটিতে দারুণ জবাব দিচ্ছিলেন। তবে বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান প্রথম আঘাত হানেন। ৮৩ বলে ৭ চারে ৪১ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন শুমবা। এরপর কাইতানো ও ভারপ্রাপ্ত অধিনায়ক ব্রেন্ডন টেইলর জুটি বাঁধেন। তারা আর বিপদ হতে দেননি। কাইতানো ৩৩ ও টেইলর ৩৭ রানে অপরাজিত আছেন। জিম্বাবুইয়ে দ্বিতীয়দিন শেষে তুলেছে ১ উইকেটে ১১৪ রান। এখনও বাংলাদেশ এগিয়ে ৩৫৪ রানে।

স্কোর : বাংলাদেশ প্রথম ইনিংস- ৪৬৮/১০; ১২৬ ওভার (মাহমুদুল্লাহ ১৫০*, লিটন ৯৫, তাসকিন ৭৫, মুমিনুল ৭০; মুজারাবানি ৪/৯৪)।
জিম্বাবুইয়ে প্রথম ইনিংস- ১১৪/১; ৪১ ওভার (শুমবা ৪১, টেইলর ৩৭*, কাইতানো ৩৩*; সাকিব ১/৪৩)।
*দ্বিতীয়দিন শেষে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com