রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

হলের দোতলা থেকে পড়ে বাকৃবি শিক্ষার্থীর মৃত্যু

বাকৃবি প্রতিনিধি:: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের দোতলা থেকে পড়ে বায়জিদ বোস্তামি (২২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ রবিবার (১ জুলাই) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বায়জিদ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের লেভেল ৪, সেমিস্টার ১ এর শিক্ষার্থী। তার পিতার নাম মো. সাইফুল ইসলাম। গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ডি ব্লকের রেলিং এ বসে ফোনে কথা বলছিলেন। একপর্যায়ে অন্যমনস্ক হয়ে নিচে পড়ে যান তিনি। আশঙ্কাজনক অবস্থায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মমেক) নিয়ে যান। এ সময় হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন ও ওই হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনার কথা তার পরিবারকে জানানো হয়েছে। পরিবারের সদস্যরা এলে লাশ হস্তান্তর করা হবে।’ বায়জিদের আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com