বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

হঠাৎ দেশে ফিরছেন মুশফিক

স্পোর্টস ডেস্ক:: পারিবারিক কারণে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয় দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

ফলে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডেতে তার খেলা হচ্ছে না। টি-টোয়েন্টি খেলার আগ্রহ প্রকাশ করলেও সেই সুযোগটিও থাকছে না। বুধবার মুশফিক হারারে থেকে ঢাকার উদ্দেশ্যে রওণা হচ্ছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ১৬, ১৮ ও ২০ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ম্যাচগুলি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ।

টেস্ট ম্যাচে মুশফিক থাকলেও শুধুমাত্র প্রথম ইনিংসে ব্যাটিং করেছিলেন। বাকিটা সময় ড্রেসিংরুমে ছিলেন তিনি। ফিল্ডিং করতে পারেননি। তবে শেষ দুদিন নেটে পুরোদমে ব্যাটিং অনুশীলনের পাশাপাশি উইকেট কিপিংয়ে নিজেকে ঝালিয়ে নিয়েছেন। ফলে তার খেলা নিয়ে কোনো শঙ্কা ছিল না।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবেন না বলে টিম ম্যানেজমেন্টের কাছে ছুটি চেয়েছিলেন তিনি। কিন্তু জিম্বাবুয়েতে পুরো সফর না করলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ মিস খেলতে পারতেন না। কারণ বাংলাদেশের ক্রিকেটারদেরও সিরিজ শুরুর আগের ১০ দিন বায়ো বাবলে থাকার শর্ত দিয়েছে অস্ট্রেলিয়া। তাই বাধ্য হয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেন মুশফিক। তবে তাকে দলে নেওয়া হতো কি না সেই বিষয়ে চূড়ান্ত করে কিছু বলতে পারেননি জাতীয় নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

অথচ আজই কিনা হুট করে দেশে ফিরে আসছেন মুশফিক! পারিবারিক জরুরী প্রয়োজনেই ফিরতে হচ্ছে তাকে। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে নিয়ে শঙ্কা থেকে গেল।

তবে এখনই এসব বিষয়ে মন্তব্য করতে রাজি হলেন না মিনহাজুল আবেদীন নান্নু,‘মুশফিক পারিবারিক কারণে ফিরছে। তার সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত। অস্ট্রেলিয়া সিরিজে থাকতে পারবে কি না সেগুলি নিয়ে মন্তব্য করার সময় এখনও আসেনি। আমরা তাকে অবশ্যই চাইবো।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com