শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

সুলতান মনসুরের পর শপথ নিচ্ছেন মোকাব্বির

নিজস্ব প্রতিবেদক::

সুলতান মনসুরের পর এবার সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন গণফোরামের মোকাব্বির খান।

তার চিঠির প্রেক্ষিতে মঙ্গলবার বেলা ১২টায় সংসদে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে সংসদ সচিবালয় জানিয়েছে।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে বিএনপির জোটসঙ্গী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন গণফোরামের দুই নেতা সুলতান মনসুর ও মোকাব্বির খান।

ধানের শীষ প্রতীকে ভোট করে জয়ী হওয়া সুলতান মনসুর গত ৭ মার্চ শপথ নিয়ে এরইমধ্যে সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন। ওই সময় মোকাব্বিরও শপথ নেবেন বলে জানানো হলেও শেষ পর্যন্ত তিনি পিছু হটেন।

সোমবার চিঠি পাঠিয়ে তিনি মঙ্গল বা বুধবার শপথ আয়োজনের অনুরোধ করেন বলে জানান সংসদ সচিবালয়ের সচিব জাফর আহমেদ।

সিলেট-২ আসন থেকে গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচিত মোকাব্বির দাবি করেছেন, দলীয় সিদ্ধান্তেই সংসদে যাচ্ছেন তিনি।

গণফোরামের প্যাডে পাঠানো ওই চিঠিতে তিনি লিখেছেন, “আমি ও আমার দল গণফোরাম আগামী ২রা এপ্রিল বা ৩রা এপ্রিল শপথ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।”

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com