মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

সাভারে নারীকে বিয়ের জন্য চাপ, ভূয়া কাবিন ও পুলিশি হয়রানির অভিযোগ

বিশেষ প্রতিনিধি ॥
সাভারে এক পোশাক শ্রমিক নারীকে প্রতারণামূলকভাবে ভূয়া কাবিননামা দেখিয়ে বিয়ের দাবি, ভয়ভীতি প্রদর্শন এবং পুলিশ দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে মীর হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অভিযুক্তের বিচার দাবি করেছেন।

ভুক্তভোগী মোসাঃ খাদিজা বেগম (জাতীয় পরিচয়পত্র নং: ৫৯৬ ৩৮৭ ৫৭৯৩) জানান, তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা এবং বর্তমানে সাভারের গেন্ডা টিয়া বাড়ি এলাকায় বসবাস করে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। পারিবারিক সূত্রে গাজীপুর সদরের টঙ্গী এলাকার বাসিন্দা মীর হোসেন (পিতা- মৃত আঃ রশিদ)-এর সাথে তার পরিচয় ছিল।

অভিযোগে বলা হয়, আনুমানিক দুই মাস আগে মীর হোসেন নিজেকে পারিবারিক বিপদে আশ্রয়হীন দাবি করলে মানবিক দিক বিবেচনা করে খাদিজা বেগম তাকে তার বাসায় স্থান দেন। পরে মীর হোসেন নিজের এক ভাগিনাকেও মামলা থেকে বাঁচাতে সেখানে এনে রাখেন। তবে কিছুদিন পর খাদিজা বেগমের সরলতার সুযোগ নিয়ে তাকে বিয়ের জন্য কু-প্রস্তাব ও হুমকি দিতে শুরু করেন মীর হোসেন। ভুক্তভোগী প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি চরম প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন।

খাদিজা বেগম অভিযোগ করে বলেন, মীর হোসেন অন্য কোনো এলাকার ভিন্ন এক নারীর কাবিননামা জোগাড় করে সেটিকে প্রতারণামূলকভাবে ব্যবহার করছেন। ওই ভূয়া কাবিননামা দেখিয়ে তিনি পুলিশ ও স্থানীয়দের কাছে খাদিজাকে নিজের স্ত্রী বলে মিথ্যা দাবি করছেন। শুধু তাই নয়, সাভার থানার এসআই সোহেল ও পুলিশের তথাকথিত ফর্মার মাধ্যমে খাদিজা বেগম ও তার বোনদের বাসায় অন্যায়ভাবে তল্লাশি এবং হয়রানি করা হচ্ছে।

আরও জানা গেছে, উক্ত ভূয়া কাগজপত্র ব্যবহার করে মীর হোসেন বিজ্ঞ আদালতে খাদিজা বেগমের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা (সিআর মামলা নং- ১৪৩১/২৬) দায়ের করেছেন।

ভুক্তভোগী স্পষ্ট জানান, মীর হোসেনের সাথে তার কোনো বৈবাহিক সম্পর্ক নেই এবং তিনি তাকে বিয়ে করতে ইচ্ছুক নন। সম্পূর্ণ ভূয়া কাগজপত্র তৈরি করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা, ব্ল্যাকমেইল ও প্রশাসনিকভাবে হয়রানি করা হচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে এবং জীবনের নিরাপত্তা নিশ্চিতে তিনি সংশ্লিষ্ট প্রশাসনিক ও আইন প্রয়োগকারী সংস্থার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com