বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঢাকার নবাবগঞ্জে পল্লী বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নবাবগঞ্জ সদর শহীদ মিনার থেকে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি নবাবগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কার্যালয় পানালিয়া গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভকারীদের পক্ষ থেকে সমিতির জেনারেল ম্যানেজারের বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।
এ সময় বক্তারা বলেন, প্রি-পেইড মিটার চালুর ফলে সাধারণ গ্রাহকদের ওপর বাড়তি আর্থিক ও ভোগান্তির চাপ সৃষ্টি হবে। মিটার রিচার্জ, অতিরিক্ত চার্জ ও বিভিন্ন ধরনের ফি নিয়ে গ্রাহকদের মধ্যে উদ্বেগ রয়েছে। তাই সাধারণ মানুষের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে প্রি-পেইড মিটার স্থাপনের কার্যক্রম বন্ধ করতে হবে।

উপস্থিত গ্রাহকরা বলেন, বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থ বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। জনগণের সঙ্গে আলোচনা না করে কোনো ধরনের মিটার স্থাপন করা হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
বিক্ষোভকারীরা প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ, গ্রাহকবান্ধব বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং বিদ্যুৎ বিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান। গত কয়েকদিন ধরে পল্লী বিদ্যুতের সীমাহীন লোডশেডিংয়ের কারণ অফিস আদালতসহ ব্যবসা বাণিজ্য ও শিক্ষার্থীদের ব্যাপক সমস্যার সৃস্টি হচ্ছে বলে অভিযোগ করেন গ্রাহকরা। তারা দ্রুত লোডশেডিং নিয়ন্ত্রণসহ বিদ্যুতের অব্যবস্থাপানা নিরসন ও গ্রাহক হয়রানী বন্ধের দাবি জানান।
পরে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজারের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।