সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি:: নড়াইলে মাদরাসার ১০ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের মামলায় মেরাজ আলী (২৫) নামে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া তাকে ৩ লাখ টাকা জরিমানার আদেশ দেয় আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মেরাজ আলী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রুদ্রপুর কালিয়াবকরি গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণীতে জানা যায়, নড়াইল পৌরসভার রঘুনাথপুর বাদামতলা জামিয়া রহমানিয়া তাইসিরুল উলুম মাদরাসায় গত বছরের (১০ জুলাই) রাতে ওই ছাত্রকে তার নিজ কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করেন দণ্ডপ্রাপ্ত মেরাজ আলী। পরে তার মা-বাবাকে কিছু না বলার জন্য শিশুটিকে ভয় দেখান। দুই মাসে ওই শিক্ষক একাধিকবার ওই মাদরাসা ছাত্রকে বলাৎকার করেছেন এমন ঘটনা সে তার মা’কে জানায়। বিষয়টি জানাজানি হলে মেরাজ আলী পালিয়ে যান। পরে (১২ জুলাই) স্থানীয় লোকজন মেরাজ আলীকে আটক করে পুলিশে দেন। এ ঘটনায় ওই শিশুর মা সদর থানায় মামলা করেন।
নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিবুর রহমান আজিজ বলেন, আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আদায় করে শিশুটির পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।