শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

গণভোটের রায় বাস্তবায়ন ও দ্রব্যমূল্য রোধসহ একাধিক দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ

বিশেষ প্রতিনিধি, ঢাকা ॥
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে রাজধানী ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে শান্তিপুর্ণ লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য।

শনিবার (০৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৭টায় রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু হয়।

সমাবেশে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। বর্তমানে সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখছেন।

সংগঠনের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য শেষ হওয়ার পরপরই শাপলা চত্বর থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের গাড়িবহর রওনা হবে।

ঘোষিত সূচি অনুযায়ী, চট্টগ্রাম যাওয়ার পথে নির্ধারিত বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম পথসভাটি হবে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের কাছের ট্রাক স্ট্যান্ডে। এরপর পর্যায়ক্রমে কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল এবং চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা শেষে সর্বশেষ চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে সমাপনী জনসভার মাধ্যমে এই কর্মসূচি শেষ হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com