মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: সিকান্দার রাজার দল জিতলে ফাইনালে ওঠার পথটা অনেকটাই সহজ হয়ে যেত টাইগারদের জন্য। কিন্তু আবুধাবিতে আফগানিস্তানের কাছে ১৫৮ রানের বড় ব্যবধানে হেরে সেই সুযোগ আর কাজে লাগাতে পারেনি জিম্বাবুয়ে। তাতে বাংলাদেশের সামনে ফাইনালের দরজা বন্ধ হয়নি ঠিকই, তবে সেখানে পৌঁছানোর পথে রানরেটের হিসাব চলে এসেছে সামনে।
সোমবার (১৯ অক্টোবর) আগে ব্যাট করে ৫০ ওভারে ২৯৪ রান তোলে আফগানিস্তান। সেদিকউল্লাহ আতালের ১০২ ও ইব্রাহিম জাদরানের ৯০ রানের ইনিংসে বড় সংগ্রহ পায় তারা। জবাবে জিম্বাবুয়ে অলআউট হয়ে যায় মাত্র ১৩৬ রানে। রশিদ খান নেন ৪ উইকেট। তাতে বড় জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যায় আফগানিস্তান। অন্যদিকে জিম্বাবুয়ের নেট রান রেট নেমে আসে ( –০.৫৯০-এ) । বাংলাদেশের রান রেট (–১.৯৮০)।
বাংলাদেশের জন্য সমীকরণটা কেমন এখন? আফগানিস্তানের বিপক্ষে বুধবার (২১ অক্টোবর) লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ জিতলে তিন দলেরই পয়েন্ট হবে সমান, দুটি করে। তখন ফাইনালে ওঠার সিদ্ধান্ত হবে নেট রান রেটে। আফগানিস্তানের রান রেট এখন +৩.১৬০। ফলে তাদের হারালেই যে বাংলাদেশ ফাইনালে উঠবে, তা নয়। জিম্বাবুয়েকে টপকাতে হলে বড় ব্যবধানে জিততে হবে, অথবা লক্ষ্য তাড়া করলে জিততে হবে দ্রুত।
বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ পরিস্থিতি তৈরি হতো যদি জিম্বাবুয়ে আফগানিস্তানকে হারাত। সে ক্ষেত্রে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেই ফাইনালে ওঠার সুযোগ থাকত বাংলাদেশের। কিন্তু আফগানদের বিশাল জয় সেই হিসাব পাল্টে দিয়েছে। এখন নিজেদের ম্যাচে জয়ের পাশাপাশি তাওহিদ হৃদয়ের দলের নজর রাখতে হবে রান রেটের দিকেও।
বাংলাদেশ যদি আফগানিস্তানকে ৪১ থেকে শুরু করে ২১৬ রানের মাঝে কোন ব্যবধানে হারায়, তাহলে এই সমীকরণ অনুযায়ী ফাইনালে উঠবে বাংলাদেশ আর বিদায় নিতে হবে জিম্বাবুয়েকে। অন্যদিকে, আফগানিস্তান ২১৬ রানের ব্যবধানে হারলেও ফাইনালে ওঠার সুযোগ ধরে রাখতে পারবে।
অন্যদিকে বাংলাদেশ যদি রান তাড়া করে, সেক্ষেত্রে তাদের সামনে চ্যালেঞ্জটা কী হবে? ধরা যাক, আফগানিস্তান প্রথম ইনিংসে ২৫০ রান করল। সে ক্ষেত্রে বাংলাদেশের লক্ষ্য হবে ২৫১ রান। ফাইনালে ওঠার সমীকরণ অনুযায়ী, বাংলাদেশকে ৪১.৩ ওভারের মধ্যে সেই লক্ষ্য তাড়া করে জিততে হবে।
আবার আফগানিস্তান যদি আগে ব্যাট করে ৩০০ করে এবং বাংলাদেশকে ৩০১ রানের লক্ষ্য দেয়। সেক্ষেত্রে মাত্র ৪২.২ ওভারের মধ্যেই রান তাড়া করে জিততে হবে তাওহিদ হৃদয়ের দলকে। অন্যথায় ফাইনালে উঠবে জিম্বাবুয়ে।
আফগানিস্তান অবশ্য এখন সবচেয়ে সুবিধাজনক অবস্থানে। বাংলাদেশের বিপক্ষে জিতলে তারা সরাসরি ফাইনালে উঠবে। হারলেও তাদের শক্তিশালী রান রেটের কারণে ফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে।
উল্লেখ্য, ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ২৩ অক্টোবর।