মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
নাটোর প্রতিনিধি:: নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন যাত্রী।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নাটোর-পাবনা মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ জনের মৃত্যু হয়। ফলে মোট নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে।
খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ও নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি প্রশাসন।
ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ ও বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, ঘটনাস্থল থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ছাড়া গুরুতর আহত অন্তত ৩০ জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, নাটোর আধুনিক সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।