সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

সম্পত্তি লিখে না দেওয়ায় ‘পাগল’ প্রমাণের চেষ্টা, ছেলের বিরুদ্ধে বাবার অভিযোগ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: দীর্ঘ ৩৫ বছর ধরে জুয়েলারি ব্যবসা করে গড়ে তোলা সম্পত্তি নিজের নামে লিখে না দেওয়ায় স্ত্রী, সন্তান ও জামাতার বিরুদ্ধে তাঁকে মানসিক ভারসাম্যহীন প্রমাণের চেষ্টা করার অভিযোগ তুলেছেন আব্দুল কাদের নামের এক ব্যবসায়ী। তাঁর দাবি, সম্পত্তি দখলের উদ্দেশ্যে তাঁকে জোর করে মানসিক চিকিৎসাকেন্দ্রে ভর্তি রাখা হয়েছিল। নিজের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাবের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আব্দুল কাদের। তাঁর বাড়ি হরিপুর উপজেলার রনহাট্টা চৌরঙ্গী এলাকায়।

সংবাদ সম্মেলনে আব্দুল কাদের বলেন, প্রায় ৩৫ বছর ধরে তিনি সুনামের সঙ্গে জুয়েলারি ব্যবসা পরিচালনা করছেন। পাশাপাশি প্রাইভেটকার চালান এবং স্থানীয় জুয়েলারি মালিক সমিতির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিনের পরিশ্রমে তিনি কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদের মালিক হয়েছেন বলে দাবি করেন তিনি।

আব্দুল কাদেরের অভিযোগ, তাঁর সম্পত্তির প্রতি লোভ থেকে ছেলে মাসুদ রানা, স্ত্রী নাসিরুন, মেয়ে আদিরুন ও আকসেমা এবং জামাতা শাহজাহান কবির তাঁকে মানসিক ভারসাম্যহীন প্রমাণের চেষ্টা করছেন। তাঁদের নামে সম্পত্তি লিখে দিতে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে তাঁকে সমাজের কাছে অসুস্থ হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলে অভিযোগ তাঁর।

তিনি আরও অভিযোগ করেন, তাঁকে জোরপূর্বক রংপুরের মনবাড়ি মানসিক স্বাস্থ্যসেবা ও গবেষণা কেন্দ্র ২৮ দিন ভর্তি রাখা হয়েছিল। সেখানে আমাকে লাঠি দিয়ে টর্চার করেন পাগল বানার চেষ্টা করেন ওই হাসপাতালে। ম্যানেজার ইউনুস বলেন, আমাদের এখানে ভর্তি ছিলেন। ডাক্তারের সার্টিফিকেট প্রেসক্রিপশন দিয়ে ভর্তি করা হয় তিনি মানসিক রোগীকিনা আমরা জানিনা তবে ডাক্তার বলতে পারবে।

নিজেকে সম্পূর্ণ সুস্থ দাবি করে আব্দুল কাদের বলেন, স্থানীয় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ তাঁর পক্ষে গণস্বাক্ষর দিয়েছেন। চিকিৎসকের ব্যবস্থাপত্র ও মেডিকেল সনদেও তিনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ বলে দাবি করেন। তাঁর সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত ভাতিজা জসিমউদ্দীনও চাচাকে সুস্থ বলে উল্লেখ করেন।

আব্দুল কাদেরের ভাষ্য, সম্পত্তি লিখে না দেওয়াকে কেন্দ্র করে পরিবারের সদস্যরা তাঁকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছেন এবং তাঁর ওপর নির্যাতন চালাচ্ছেন। এ পরিস্থিতিতে নিজের নিরাপত্তা ও সম্পদ রক্ষার জন্য তিনি ঠাকুরগাঁও আদালতে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আব্দুল কাদের। নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, সম্পত্তি রক্ষা এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও আদালতের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com