মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক, একুশের কণ্ঠ:: ছাদভিত্তিক সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বাড়াতে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে সরকার।
সোমবার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে এ অধ্যাদেশ জারি করা হয়। বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন, এর বিস্তার এবং আনুষঙ্গিক বিষয়ে বিশেষ বিধান প্রণয়নের লক্ষ্যে অধ্যাদেশটি জারি করা হয়েছে।
এ-সংক্রান্ত গেজেটে বলা হয়েছে, বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের দ্রুত বিস্তার নিশ্চিত করতে বিশেষ বিধান প্রণয়ন করা সমীচীন।
গেজেটে আরও বলা হয়, জাতীয় সংসদের অধিবেশন চলমান না থাকা এবং আশু ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান থাকায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করেছেন।
এর আগে গত রোববার ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।
আগামী গ্রীষ্মের আগেই ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের লক্ষ্য সামনে রেখে অধ্যাদেশটির খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানো এবং বিদ্যুতের চাহিদা পূরণে সৌরশক্তির ব্যবহার সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।