শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

শিরোনামঃ

‘সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ’: মঈন খান

বিশেষ প্রতিনিধি, নরসিংদী ॥
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকারের ওপর অর্পিত গুরুদায়িত্ব যথাযথভাবে পালন করতে চান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। আগামী দিনে স্থানীয় সরকারের পাঁচটি স্তরেই নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেছেন, “একটি অবাধ ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দিতে আমাদের মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।”

শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর তাঁত বোর্ড ইনস্টিটিউট অডিটরিয়ামে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ড. আবদুল মঈন খান বলেন, সিটি করপোরেশন, পৌরসভা থেকে শুরু করে উপজেলা ও ইউনিয়ন পরিষদ পর্যন্ত এই মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিটি দায়িত্ব সঠিকভাবে পালন করতে চায় সরকার। গ্রামীণ জনগোষ্ঠী থেকে শুরু করে শহরের বাসিন্দাদের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই এই মন্ত্রণালয়ের মূল লক্ষ্য।

বিগত ১৭ বছরে দেশের সার্বিক অবকাঠামো যে ধ্বংসস্তূপ পরিণত হয়েছিল, সেখান থেকে দেশকে পুনর্গঠনের আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, “আমাকে যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে তার দুটি প্রধান দিক রয়েছে- একটি হলো দেশজুড়ে স্থানীয় সরকারের অবকাঠামোগত উন্নয়ন এবং অন্যটি হলো গ্রামাঞ্চলে বসবাসকারী অনগ্রসর জনগোষ্ঠীর জীবনযাত্রার মান নিশ্চিত করা।”

জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শিরীন সুলতানা এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com