বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

যে শর্তে পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকে বসতে প্রস্তুত ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আবারও শীর্ষ বৈঠকে বসতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শর্ত হলো, ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের অবসানে একটি শান্তি চুক্তির দিকে এগিয়ে যেতে হবে রাশিয়াকে।

স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, নতুন করে আরেকটি বৈঠকে বসতে পুতিনও আগ্রহী হবেন বলে তিনি মনে করেন। তবে সঠিক সময়ে বৈঠকটি আয়োজন করতে চান ট্রাম্প।

ট্রাম্প বলেন, তিনি রাজি হবেন, আমিও চাই। তবে তখনই বৈঠকটি করতে চাই, যখন আমরা একটি শান্তি চুক্তির জন্য প্রস্তুত থাকব। রাশিয়া ও ইউক্রেন, উভয় দেশের সঙ্গেই ভালো সম্পর্ক থাকা উচিত যুক্তরাষ্ট্রের। তার মতে, দুই দেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যের জন্যও লাভজনক হবে।

তিনি বলেন, পুতিনের সঙ্গে বৈঠক দ্রুত আয়োজন করা সম্ভব হলেও তিনি যুদ্ধ শেষের দিকে এগিয়ে যাওয়ার সময় পর্যন্ত অপেক্ষা করতে চান। আমি এটা তখনই করতে চাই, যখন ওই যুদ্ধ শেষ হবে। আর আমি মনে করি, আমরা তা করতে পারব।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজের আগের অবস্থানও পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, এই যুদ্ধ কখনোই হওয়া উচিত ছিল না। ট্রাম্পের দাবি, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পুনর্নির্বাচিত হলে এই যুদ্ধ শুরু হতো না।

তিনি বলেন, ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত তার প্রথম মেয়াদে তিনি পুতিনের সঙ্গে নিয়মিত কথা বলতেন। ওই সময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার কোনো সম্ভাবনা ছিল না বলেও দাবি করেন তিনি। তিনি মনে করেছিলেন, তার ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার পর পরিস্থিতি যুদ্ধের দিকে যেতে পারে। তিনি এটিকে পাগলামি বলেও মন্তব্য করেন।

পুতিন ও জেলেনস্কির মধ্যে তীব্র বিরোধ রয়েছে জানিয়ে ট্রাম্প বলেন, ধীরে ধীরে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাবে, যখন একটি সমাধানের জন্য উপযুক্ত সময় আসবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com