শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

ধামরাইয়ে এনসিপির সাংগঠনিক সভা: আগামী ইউপি নির্বাচনে তৃণমূল শক্তিশালীকরণ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি ॥
ঢাকার ধামরাইয়ে তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)-র এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ধামরাই উপজেলার কালামপুর বাস স্ট্যান্ড সংলগ্ন কেন্দ্রীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় দলের অভ্যন্তরীণ ভিত্তি মজবুত করার পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাই এবং তাঁদের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক এবং গত ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ আসনে ১১ দলীয় জোট সমর্থিত এনসিপির মনোনীত সংসদ সদস্য খন্দকার নাবিলা তাসনিদ। এনসিপি কেন্দ্রীয় কমিটির ইঞ্জিনিয়ারিং উইংসের সদস্য ইঞ্জিনিয়ার সুমন খানের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় আগামী দিনের দলীয় বিভিন্ন কৌশল ও দিকনির্দেশনা নিয়ে বিশদ আলোচনা করা হয়।

ঢাকা জেলা উত্তরের যুগ্ম আহ্বায়ক ও ধামরাই উপজেলা এনসিপির আহ্বায়ক জাকির চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক তানজিম রানা, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব আহসানুল হক রতন।

এছাড়া ধামরাই পৌরসভা এবং ১৬টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সভায় অংশ নেন। তাঁরা তাঁদের রাজনৈতিক অনুভূতি ও নানা গঠনমূলক পরামর্শ তুলে ধরেন, যা ভবিষ্যতে দলের গতিশীলতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে বলে নেতারা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা তাঁদের বক্তব্যে জোর দিয়ে বলেন, তৃণমূল পর্যায়ের কর্মীরাই দলের মূল শক্তি। আগামী দিনে ধামরাইয়ের প্রতিটি ইউনিয়নে যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে তুলতে দলীয় শৃঙ্খলা ও সক্রিয়তা বজায় রাখা অপরিহার্য।

আলোচনা শেষে সন্ধ্যায় চা-চক্র ও পানীয় বিতরণের মধ্য দিয়ে সফলভাবে এই মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com