বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
বশির আহাম্মদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ও ইলেকট্রনিক্স শিক্ষা উপকরণ, কৃষকদের মাঝে পাওয়ার টিলার এবং নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। একই সঙ্গে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এ উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপিকে গণসংবর্ধনা দিয়েছেন বান্দরবান জেলা বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে বান্দরবান ইউনিট অফিসের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, এনডিসি, পিএসসি সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।
এ সময় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (যুগ্মসচিব) শেখ ছালেহ্ আহাম্মদ, রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (অর্থ) সুমন বড়ুয়া, বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মিঠুন,জসিম উদ্দিন তুষার,বান্দরবান ইউনিট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাতসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপকারভোগীরা।
অনুষ্ঠানে বান্দরবান জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন ভবনের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পাশাপাশি কৃষকদের মধ্যে ১৫টি পাওয়ার টিলার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩৭ সেট ইলেকট্রনিক্স ও মাল্টিমিডিয়া শিক্ষা উপকরণ এবং নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ৭০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
বক্তারা বলেন, পাহাড়ি এলাকার শিক্ষা, কৃষি ও নারীর অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তি ও মাল্টিমিডিয়া সামগ্রী সরবরাহের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন হবে। অন্যদিকে কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণের ফলে কৃষিকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়বে এবং উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি কৃষকদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে।
তারা আরও বলেন, নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়ার মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে নারীরা পরিবার ও সমাজের অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি ভূমিকা রাখতে পারবেন।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও মানুষের জীবনমানের অগ্রগতিতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরা হয়।