বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরে পুলিশের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এসময় পুলিশসহ আরো অন্তত ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহত পুলিশ সদস্য আবদুস সালাম (৪০) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার গজারিয়া ইউনিয়নের পশ্চিম চর করমশি গ্রামের আবদুল বারেক ভুইয়ার ছেলে। তিনি শিবচর থানায় কর্মরত ছিলেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে শিবচর থানার অধীনে থাকা একটি পুলিশবাহী পিক-আপ গাড়ি মাদারীপুর আদালতে আসামী রেখে এসে ফিরে যাওয়ার সময়ে সদর উপজেলার পখিরা গ্রামে আসলে ৭ বছর বয়সী ইমা আক্তার ও তার বাবা ইব্রাহিম সরদার (৩০)কে সাইড দিতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায়। এসময় গাড়িতে থাকা পুলিশ সদস্য আবদুস সালাম ঘটনাস্থলেই গাড়ি চাপা পড়ে নিহত হন। এসময় আরো ৪ জন পুলিশ সদস্য আহত হওয়ার পাশাপাশি ইমা আক্তার ও তার পিতা ইব্রাহিম সরদারসহ স্থানীয় আরো ৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য ৪ পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা বলেন, আমরা প্রাথমিক ভাবে জানতে পেরেছ, মাদারীপুর থেকে শিবচরগামী পুলিশের গাড়ি একটি শিশু ও তার পিতাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪ পুলিশ সদস্য এবং স্থানীয় বেশ কয়েকজন।