বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

একুশের কণ্ঠ প্রতিবেদন:: কক্সবাজারের বঙ্গোপসাগর উপকূলে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে কক্সবাজারের নাজিরারটেক উপকূলের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। নিখোঁজ জেলেরা হলেন- নুরুল আলম ও মুহিব উল্লাহ। তাঁদের সবার বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায়।

স্থানীয়রা জানান, মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার নিয়ে কয়েকজন জেলে মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে রওনা হন। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে ট্রলারটি নাজিরারটেক উপকূলের কাছাকাছি পৌঁছালে ঝড়ের কবলে পড়ে উল্টে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় জেলেরা উদ্ধার অভিযান শুরু করেন। একপর্যায়ে তাঁরা ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করেন। তবে নুরুল আলম ও মুহিব উল্লাহর কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে স্থানীয় জেলেরা সাগরে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। তবে দুর্ঘটনার সময় ট্রলারটিতে মোট কতজন জেলে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com