মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এক কৃষকের প্রায় ৩০০টি সূর্যমুখী গাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বটতল হিন্দুপাড়া-সংলগ্ন মাহালিয়া বিল এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রান্তিক কৃষকদের সূর্যমুখী চাষে উৎসাহিত করতে বাজালিয়ার কৃষক নুরুল ইসলামকে প্রণোদনার আওতায় সূর্যমুখীর বীজ ও সার দেওয়া হয়। তিনি বটতল হিন্দুপাড়া-সংলগ্ন মাহালিয়া বিল এলাকায় ১০ শতক জমিতে তিন শতাধিক সূর্যমুখীর চারা রোপণ করেন। সম্প্রতি বাগানটি পরিপক্ব হয়ে ওঠে।
গত কয়েক দিন ধরে শতাধিক তরুণ-তরুণী সেখানে ছবি ও ভিডিও ধারণ করতে আসছিলেন। এতে ফুলের বাগান ও পাশের সবজিখেত ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলে জানান কৃষক।
ক্ষতিগ্রস্ত কৃষক নুরুল ইসলাম বলেন, ‘কৃষি অফিসের পরামর্শ ও প্রণোদনায় সূর্যমুখী চাষ শুরু করি। ফুল ফুটতে শুরু করার পর প্রতিদিনই অনেকে ছবি তুলতে এসে ফুল ছিঁড়ে নিতেন। এতে বাগান ও পাশের জমির ক্ষতি হচ্ছিল। কয়েকজনকে নিষেধ করেছিলাম। ধারণা করছি, ক্ষোভ থেকেই গভীর রাতে কেউ গাছগুলো কেটে দিয়েছে।’
সাতকানিয়া উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা টিটু দাশ বলেন, ১০ শতক জমিতে রোপণ করা সূর্যমুখীগাছগুলোর আর ১৫-২০ দিনের মধ্যেই পরিপূর্ণ পরিণত হওয়ার কথা। দুর্বৃত্তরা সব গাছ কেটে ফেলায় কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।