বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

সরকারে থাকলেও বিপদ আর বিরোধী দলে গেলে আপদ : ডা. ইরান

নিজস্ব প্রতিবেদক, একুশের কন্ঠ : বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আওয়ামী লীগ সরকারে থাকলেও বিপদ আর বিরোধী দলে গেলে আপদ।আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের স্লোগান দিলেও তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা জন্মলগ্ন থেকেই ফ্যাসিবাদী চেতনায় বিশ্বাসী। তাই আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য বিষফোড়া।

বর্তমান সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে রবিবার লেবার পার্টি ও ছাত্রমিশনের নেতাকর্মীরা এক মিছিল বের করে। এ সময় রাজপথে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন ডা. ইরান।

তিনি বলেন, ‘তামাশার নির্বাচনে সাধারণ মানুষ ভোটকেন্দ্রে যাবে না।’ তার দাবি, ‘আওয়ামী লীগ ক্ষমতা কুক্ষিগত করতেই আবার নির্বাচনের নাটক মঞ্চস্থ করছে। একতরফা নির্বাচনে জনগণের কোনো আগ্রহ নাই। তামাশার নির্বাচন জনগণের জন্য অভিশাপ আর দখলদার আওয়ামী লীগের জন্য মহোৎসব। তাই আওয়ামী জুলুমতন্ত্র থেকে দেশের মানুষকে রক্ষায় দল-মত, জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

নগর সহ-সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য দেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ন রামকৃষ্ণ সাহা, মানবাধিকার সংরক্ষণ সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মুফতি তরিকুল ইসলাম সাদী, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মো. পান্না মিয়া, মহানগর নেতা বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, ইমরান হোসেন, ছাত্রমিশনের সভাপতি সৈয়দ মো. মিলন ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজোয়ান আহমেদসহ অনেকে।

বিজয়নগর থেকে মিছিলটি শুরু হয়ে পুরানা পল্টন, সচিবালয়, তোপখানা রোড হয়ে আল-রাজি কমপ্লেক্সের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com