শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

শিমুল বিশ্বাস আবারও পাঁচ দিনের রিমান্ডে

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: রাজধানী শাহবাগ থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালেদা জিয়ার ব্যাক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের আবারও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনসারি শুনানি শেষে এই আদেশ দেন। আজ দুপুরে শাহবাগ থানার মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল করিম আসামিকে ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করেন। আদালতে শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদ এই তথ্য জানান।

এর আগে, গত বৃহ্স্পতিবার পল্টন থানার এক মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আদালত।
শিমুল বিশ্বাসের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জামিনের আবেদন করেন।

গত ৩০ জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির মামলায় আদালতে হাজিরা দিয়ে বাসায় যাওয়া পথে তার সঙ্গে থাকা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা হাইকোর্টের সামনে লাঠিসোঁটা নিয়ে মিছিল করতে থাকে। এসময় পুলিশ বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে রাস্তা বন্ধ করে গাড়ি ভাঙচুর করে ও পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। এই ঘটনার মূল পরিকল্পনাকারী, মদতদাতা, উস্কানিদাতা হিসেবে শামসুর রহমান শিমুল বিশ্বাসকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় গত ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) তাকে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ। এরপর আবারও আজ তাকে দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়া হলো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com