শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: বার্সেলোনা ব্রাজিলিয়ান তরুণ ম্যালকমকে লক্ষ্য হিসেবে ধরলো। মাঠে নামলো এবং ২৪ ঘন্টার মধ্যে ছিনতাই করে দলে ভেড়ালো। অথচ ম্যালকমের ফ্রান্স থেকে ইতালি যাওয়ার জন্য গাট্টি বাধা ছিল। ইতালিয়ান ক্লাব রোমার সঙ্গে ফ্রান্স ক্লাব বোর্দের চুক্তির পাকা কথা ছিল। বাকি ছিল কেবল সই-স্বাক্ষর।
তার নতুন ক্লাবে চুক্তির ব্যাপারে দুই ক্লাবের টুইটও হয়ে যায়। কিন্তু বার্সা ২৪ ঘন্টার মধ্যে ম্যালকমের চুক্তি থেকে শুরু করে মেডিকেল টেস্ট সম্পন্ন করে ফেলেছে। তাকে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের দলে যোগ দিতে যুক্তরাষ্ট্রের বিমানেও তুলে দিয়েছে।
অথচ ব্রাজিলের নতুন এই তারকাকে বরণ করতে বিমান বন্দরে ছুটে গিয়েছিল রোমা সমর্থকরা। ম্যালকম অবশ্য বার্সায় যোগ দিতে পেরে খুশি বলে জানিয়েছেন। বিশ্বের সেরা ক্লাবে খেলার স্বপ্ন পূরণ হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে ম্যালকমকে পেতে হাল ছাড়েনি রোমা। বার্সেলোনার সঙ্গে টেক্কা দিয়ে রোমা এক দফা তার দাম বাড়িয়েছে। শেষ পর্যন্ত বার্সার অর্থের কাছে হেরে গেছে তারা। আর এ ব্যাপারে রোমা প্রেসিডেন্ট বিরক্তিও প্রকাশ করেছেন।
ম্যালকম ঘটনার শুরু সোমবার থেকে। রোমাকে পাকা কথা দেবার পর ঠিক হলো, দ্রুত ম্যালকমকে মেডিকেলের জন্য রোমে পাঠানো হবে। তার কিছুক্ষণ পরেই বোর্দোর প্রেসিডেন্ট স্টিফেন মার্টিন রোমা প্রেসিডেন্ট মনচিকে ফোন দেন।বার্সা গুঞ্জন ঠেকাতে তারা আনুষ্ঠানিকভাবে ক্লাবের নিজস্ব টুইটার ‘ডিল ডান’ বলে টুইটও করে। কিন্তু আসল ঘটনা ঘটল টুইটের ঘণ্টা খানেক পর। রোমা প্রেসিডেন্টকে ফোন করেন ম্যালকমের এজেন্ট। ব্রাজিল তরুণের জন্য বার্সা বেশি টাকার প্রস্তাব দিয়েছে বলে জানান তিনি।
পরে রোমা ম্যালকমের জন্য ৩২ থেকে ৪০ মিলিয়নের প্রস্তাব করলো। সে হিসেবে মঙ্গলবার চুক্তি বিষয়ক কিছু কাগজ-পত্র সই-স্বাক্ষরের ব্যাপারের কথা হলো দুই ক্লাব প্রেসিডেন্ট। কিন্তু আবার ব্রাজিল ফুটবলারার ম্যালকমের এজেন্ট গার্সিয়ার ফোন পেলেন রোমা প্রেসিডেন্ট। বার্সেলোনা টাকার অঙ্ক আরও বাড়িয়েছে বলে জানান তিনি। এ খবর শুনে রোমা প্রেসিডেন্ট মনচি বলেন, ‘আমরা তো নিলাম করতে আসিনি।’ এরপর ম্যালকন হয়ে যান বার্সেলোনার। কাতালান ক্লাবের সঙ্গে তার চুক্তি হয়েছে ৪১ মিলিয়ন ইউরোর।