শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

‘রোনালদোর চেয়ে পরিপূর্ণ মেসি’

স্পোর্টস ডেস্ক:: গোল করার মেসি-রোনালদো সমান দক্ষ। কিন্তু রোনালদোর চেয়ে মেসি এগিয়ে থাকবেন সতীর্থদের দিয়ে গোল করানোর দক্ষতার জন্য। তাই মেসি রোনালদোর মধ্যে যদি একজনকে দলে নেওয়ার সুযোগ থাকে। তবে জার্মান কোচ জোয়াকিম লো মেসিকে বেছে নেবেন। রাশিয়া বিশ্বকাপের জন্য দুই তারকাই হুমকি স্বরূপ বলে মনে করেন জার্মানিকে বিশ্বকাপ এনে দেওয়া কোচ।

ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে মেসিদের বিপক্ষে জিতে শিরোপা উচিয়ে ধরেছিল জার্মানি। মেসিকে আটকে রাখতে দারুণ সফল হয়েছিলেন লো। রাশিয়া বিশ্বকাপের সেরা কে এমন প্রশ্নে লো বলেন, তিনি মেসির পক্ষে থাকবেন। তার মতে, রোনালদোও অসাধারণ। পেশাদার এবং কয়েক বছর ধরে গোলমেশিন তিনি। কিন্তু লোর চোখে পরিপূর্ণ ফুটবলার মেসি।

জোয়াকিম লো বলেন, ‘মেসি একজন পরিপূর্ণ খেলোয়াড়। দলগত ফুটবলার হিসেবে সে দারুণ। গত বছর সে ৫০ গোল করার পাশাপাশি ৩০ থেকে ৪০ গোলে সহায়তা করেছে। সে সাত-আটজন খেলোয়াড়কে কাটিয়ে গোল করতে পারে। তার গোল আপনার স্মৃতিতে গেঁথে থাকবে।

লো তার দলের বহর নিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের প্রত্যাশায় রাশিয়ায় পাড়ি জমাবেন। জার্মান কোচ মনে করেন, জার্মানি বিশ্ব আসরের দল। বিশ্ব চ্যাম্পিয়নের তকমা নিয়ে রাশিয়া যাওয়া দারুণ অনুভূতি বলে জানান তিনি। তবে বিশ্বকাপ জেতা সহজ নয় উল্লেখ করে লো বলেন, ‘সেখানে সামান্য ভুলও আমরা করতে চাই না।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com