শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

রাতে সাকিবের হায়দরাবাদের মুখোমুখি কোহলির বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক:: মাঠের মতো আইপিএলের পয়েন্ট টেবিলেও লড়াইটা জমে উঠেছে বেশ। এই মুহূর্তে শেষ চারের লড়াইয়ে পাঁচ দল। সেই তালিকায় আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জিতলে সম্ভাবনা টিকে থাকবে, হারলেই ছিটকে যাবে।

এমন সমীকরণ নিয়ে আজ সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে বিরাট কোহলির দল। বেঙ্গালুরুর ঘরের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

১২ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে আছে বেঙ্গালুরু। এই ম্যাচে জয় পেলে পঞ্চম স্থানে উঠে আসবে তারা।

শুরুটা আশাব্যঞ্জক হয়নি কোহলি-ডি ভিলিয়ার্সদের। মাঝপথেও পারফরম্যান্সটা ছিল গড়পড়তা। তবে শেষ দিকে এসে জ্বলে উঠেছেন তারা। এটিই আশা জাগাচ্ছে ভক্ত-সমর্থকদের।

এবারের আইপিএলে দারুণ ছন্দে আছে সানরাইজার্স। সবার আগে প্লে অফে খেলা নিশ্চিত করেছে অরেঞ্জ আর্মিরা। ১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিল টপার তারা।

সাবেক চ্যাম্পিয়নদের এ অবস্থানের নেপথ্যে আছেন বাংলাদেশের জান সাকিব আল হাসান। এখন পর্যন্ত সব ম্যাচেই খেলেছেন তিনি। তিন বিভাগেই (ব্যাট-বল-ফিল্ডিং) অনন্য নৈপুণ্য প্রদর্শন করে তাদের নীলমণি বিশ্বসেরা অলরাউন্ডার। এ ম্যাচেও খেলবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

সেই দলে রয়েছেন রশিদ-ভুবনেশ্বরের মতো ব্যাটসম্যানের বুক কাঁপানো বোলার। তাদের বিপক্ষে বুক চিতিয়ে লড়ে বেঙ্গালুরু আশার সলতে জ্বালিয়ে রাখতে পারে কিনা- এখন তাই দেখার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com