মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা-৩ আসনে বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আপনারা (দলীয় নেতা-কর্মী) পাড়া মহল্লায় নজরদারি রাখুন। কেউ যাতে ভোট কেনাবেচা করতে না পারে। এরা ধর্মের নামে পবিত্র গ্রন্থ নিয়ে কসম দিয়ে নানাভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। আপনারা যেভাবে হোক এদের রোধ করবেন।
আজ সোমবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, যারা গরীব মানুষকে ভুল বুঝিয়ে ধর্মের নামে ভোট কেনার চেষ্টা করছে তাঁদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যারা এ ধরনের অপকর্মে জড়িত তারা আমাদের হাতে ধরা পড়লে এর দায়-দায়িত্ব প্রশাসনকে নিতে হবে।
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ইকুরিয়া এলাকায় সাবেক যুবদল নেতা আরিফুজ্জামান কামালের উপর দুর্বৃত্তরা হামলা করেছে। তিনি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। অথচ ঘটনার এতদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কোন আসামিকে গ্রেপ্তার করা হয়নি। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন।
কেরানীগঞ্জে ধানের শীষের জোয়ার কেউ বাঁধাগ্রস্ত করতে পারবে না। আপনারা (নির্বাচন কমিশন ও প্রশাসন) অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের ব্যবস্থা করুন। দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের পর ফিরে পাওয়া জনগণের ভোটারাধিকার প্রতিষ্ঠা করুন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায়, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন মাষ্টার ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী প্রমুখ।