শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

মোরশেদ খানের অর্থপাচার মামলার পুনঃতদন্ত চলবে

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান এবং তার স্ত্রী নাসরিন খান ও ছেলে ফয়সাল মোরশেদ খানের বিরুদ্ধে অর্থপাচার মামলায় পুনঃতদন্তে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে মোরশেদ খানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও আহসানুল করীম। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

দুদকের আইনজীবী খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন, এখন এ মামলার পুনঃতদন্ত চলতে বাধা নেই। এর আগে গত ৬ মার্চ শুনানি শেষে আদেশের জন্য আজ দিন ধার্য ছিল।

অর্থপাচারের অভিযোগে ২০১৩ সালে মোরশেদ খান, তার স্ত্রী ও ছেলেসহ তিনজনের নামে একটি মামলা রুজু হয়। এ মামলার প্রেক্ষিতে ২০১৫ সাল পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ ছিলো। এ মামলায় ২০১৫ সালে দুদক চূড়ান্ত প্রতিবেদন দেয়। এরপর আদালত তাদের অব্যাহতি দিলে মোরশেদ খানসহ তিনজনের অ্যাকাউন্ট খুলে দেয়া হয়। আদালতের অব্যাহতি আদেশের পর ঢাকার বিশেষ আদালতে দুদকের পক্ষ থেকে নারাজি আবেদন করা হলে সেটি খারিজ হয়ে যায়। বিচারিক আদালতের এ খারিজ আদেশের বিরুদ্ধে দুদক হাইকোর্টে একটি রিভিশন আবেদন করে। এ আবেদনের শুনানি নিয়ে ২০১৬ সালের ৫ জুন ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়ে রুল জারি করে হাইকোর্ট। ২০১৬ সালের ৯ নভেম্বর দেয়া রায়ে মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। এর বিরুদ্ধে মোরশেদ খান আপিল বিভাগে আবেদন করেন। সূত্র : বাসস

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com