শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

মেসি-রোনালদোকে ছাড়িয়ে মডরিচ!

স্পোর্টস ডেস্ক:: রাশিয়া বিশ্বকাপ শেষে মেসি-রোনালদোর সঙ্গে সেরা হওয়ার লড়াইয়ে নতুন কিছু নাম যোগ হয়েছে। তাদের মধ্যে লুকা মডরিচ, কিলিয়ান এমবাপ্পে, অ্যান্তোনিও গ্রিজম্যান, রাফায়েল ভারানেরা এগিয়ে আছেন। ফিফার ২০১৮ সালের সেরা ফুটবলার হয়তো এই তারকাদের মধ্যেই কেউ একজন হবেন। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলোর করা ফুটবল ভক্তদের ভোটে মেসি-রোনালদোকে ছাড়িয়ে গেছেন ক্রোয়েশিয়া মিডফিল্ডার লুকা মডরিচ।

ফিফার পরবর্তী দ্য বেস্ট কে হচ্ছেন তা অবশ্য আগামী ২৪ সেপ্টেম্বর জানা যাবে। ফিফা ব্যালন ডি’অর ২০১৬ সালে ফ্রান্স ফুটবল সাময়িকী থেকে আলাদা হওয়ার পর ফিফা দ্য বেস্ট ফুটবল অ্যাওয়ার্ডস নামে পরিচিত হয়েছে। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ পুরস্কারের জন্য সেরা ১০ জনের তালিকা গত মঙ্গলবার প্রকাশ করেছে ফিফা। এরপর শুরু হয় ভক্তদের ভোট নেওয়ার পালা। চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত।

তবে গত তিন দিনে স্প্যানিশদের ভোটে মেসি-রোনালদোর থেকে বেশ এগিয়ে আছেন মডরিচ। এই তিন দিনে ৩০,৪১৩ জন স্প্যানিশ ভক্ত ভোট দিয়েছেন। তাতে সর্বোচ্চ ১৪,২২৭টি ভোট পেয়েছেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার মডরিচ। এরপর ৫,৩৫০ ভোট পেয়েছেন রিয়াল ছেড়ে জুভেন্টাসে যাওয়া রোনালদো। বার্সা তারকা মেসি পেয়েছেন ৪,৩৮৪ ভোট।

এছাড়া ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা অ্যাথলেটিকো মাদ্রিদ তারকা অ্যান্তোনিও গ্রিজম্যান পেয়েছেন ৩,৮৯৪ ভোট। ফ্রান্স এবং রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার রাফায়েল ভারানে পেয়েছেন ১,১১০ ভোট। এরপর আছেন বিশ্বকাপের উদীয়মান তারকার পুরস্কার জেতা কিলিয়ান এমবাপ্পে। তিনি পেয়েছেন ৮৬১ ভোট। এছাড়া সেরা দশে থাকা মোহামেদ সালাহ ২৪২, এডেন হ্যাজার্ড ২২৪, কেভিন ডি ব্রুইন ৮৭ ও হ্যারি কেইন ৩৪ ভোট পেয়েছেন।

গত এক দশক ধরে ফিফার সেরা খেলোয়াড় হিসেবে মেসি ও রোনালদো রাজত্ব করছেন। তবে চলতি বছরে তার ব্যতিক্রম হতে চলেছে বলেই মনে করছেন অনেকে। স্প্যানিশ ভোটারদের ফলাফলই তার পক্ষে কথা বলে। রোনালদোর চেয়ে মডরিচ তিন দিনেই ৮,৮৭৭ ভোটে এগিয়ে গেছেন। রিয়াল মাদ্রিদ ‘নাম্বার টেন’ রাশিয়া বিশ্বকাপে দারুণ ফুটবল খেলে প্রথমবারের মতো ক্রোয়েশিয়াকে ফাইনালে তোলেন। এছাড়া রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়েও দারুণ ভূমিকা রাখেন তিনি।

তবে লুকা মডরিচের শুধু ভক্তদের মন জয় করলে হবে না। কারণ ফিফার সেরা খেলোয়াড় নির্বাচনের জন্য ৭৫ শতাংশ ভোট নির্ভর করে ফিফার সদস্য দেশগুলোর অধিনায়ক, কোচ ও একজন করে গণমাধ্যম কর্মীর ভোটে। আর ২৫ শতাংশ নির্ভর করে সাধারণ ফুটবল ভক্তদের অনলাইন ভোটে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com