বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম : মুজিববর্ষ উর্মি গ্রুপ স্কোয়াশের সিনিয়র পুরুষ ও নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন যথাক্রমে উত্তরা ক্লাবের সুমন ও সেনাবাহিনীর মারজান। রবিবার ২৭ জুন গুলশান ক্লাব ও আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে সুপার বিভাগে উত্তরা ক্লাবের সুমন চ্যাম্পিয়ন ও সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল শাহাদাত রানারআপ হন।
প্রথম বিভাগে সেনাবাহিনীর সৈনিক তানভীর চ্যাম্পিয়ন ও বিএএফ শাহীন কলেজের এসএম মুশফিক রানারআপ হন। উন্মুক্ত মেয়েদের বিভাগে সেনাবাহিনীর সৈনিক মারজান চ্যাম্পিয়ন ও একই সংস্থার সুনিতা রানারআপ হন। সাবেক খেলোয়াড় ও মার্কার বিভাগে আর্মি স্কোয়াশ কমপ্লেক্সের মাসুদ রানা চ্যাম্পিয়ন ও নেভী ক্লাবের নুর মোহাম্মদ রানারআপ হন।
বয়সভিত্তিক গ্রুপে উর্ধ্ব-১৯ পুরুষ বিভাগে উত্তরা ক্লাবের হামজা চ্যাম্পিয়ন ও আর্মি স্কোয়াশ কমপ্লেক্সের সোহাগ রানারআপ হন। উর্ধ্ব-১৫ ছেলেদের বিভাগে গুলশান ক্লাবের উমায়ের জালাল চ্যাম্পিয়ন ও বিএএফ শাহীন কলেজের পারভেজ রানারআপ হয়। মেয়েদের এই বিভাগে বিএএফ শাহীন কলেজের রিয়াজুল জান্নাত চ্যাম্পিয়ন ও বিএনসিডির মেঘলা রানারআপ হয়। করোনাভাইরাসের কারনে সরকার ঘোষিত লকডাউন শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে বলে জানান স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিএম কামরুল ইসলাম।
রাজধানীর গুলশান ক্লাবে আবিদ মনসুরের সমন্বয়ে আয়োজিত উক্ত খেলায় উর্মি গ্রুপের পরিচালক ফায়াজ রহমান, গুলশান ক্লাবের সভাপতি ক্যাপ্টেন সাইফুর রহমান, ফেডারেশনের সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আখতার (অবঃ) ও ইরশাদ হোসেন, সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিএম কামরুল ইসলাম, কোষাধক্ষ্য কামরান টি রহমান, গুলশান ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।