শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

মির্জা ফখরুলের অনুরোধ ফিরিয়ে দিলেন ড. কামাল

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল শুনানিতে আইনজীবী হিসেবে অংশ নেয়ার অনুরোধ ফিরিয়ে দিলেন আইন বিশেষজ্ঞ ড. কামাল হোসেন। তবে খালেদার প্রতি তার সহানুভূতি থাকবে বলে বিএনপি আইনজীবীদের জানিয়েছেন তিনি।

মঙ্গলবার বেলা ১১টায় মতিঝিলের টয়োটা টাওয়ারে ড. কামাল হোসেনের ল’চেম্বারে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার আবদুর রেজাক খান, আইনজীবী সুব্রত চৌধুরী, আমিনুল ইসলামসহ কয়েকজন।

আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, ‘মির্জা ফখরুলসহ কয়েকজন গিয়েছিলাম স্যারের কাছে (ড. কামাল)। তিনি জানিয়েছেন, তিনি এখন ক্রিমিনাল কেস করেন না। এটা তিনি কম বোঝেন, তবে খালেদা জিয়ার প্রতি তার সিমপ্যাথি (সহানুভূতি) থাকবে।’

খালেদা জিয়ার আপিল মামলায় প্যানেল আইনজীবীদের অন্যতম সদস্য ব্যারিস্টার একেএম এহসানুর রহমান বলেন, ‘এ মামলায় ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন সিনিয়র কাউন্সিল হিসেবে নিযুক্ত আছেন। এরপরও দল চাইলে যে কোনো আইনজীবীকে নিয়োগ দিতে পারে।’

খালেদা জিয়ার আপিল দায়েরকারী ব্যারিস্টার কায়সার কামাল জানান ‘আমরা (আইনজীবী) এ মামলার আইনজীবী মাত্র। তাই মামলার শুনানিতে কে বা কারা থাকবেন তা অনেকাংশে দলের নেতাদের ওপর নির্ভর করছে। এ বিষয় দলের মহাসচিব ভালো বলতে পারবেন।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com