বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

ভেতরে ভেতরে অনেকেই আর বিএনপি করবে না: কাদের

নিজস্ব প্রতিবেদক, একুশের কন্ঠ অনলাইন:: বিএনপির একাধিক নেতা আওয়ামী লীগে যোগ দেওয়ার পর জাতীয়তাবাদী দলের মধ্যে অনেকেই আর বিএনপি করবেন না বলে সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২ ডিসেম্বর) বেলা ১২টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির সমর্থন কমে গেছে। অনেকে দল পাল্টেছেন। ভেতরে ভেতরে অনেক লোক বলছে, জীবনে আর বিএনপি করবে না।’

বিএনপি নেতা শাহজাহান ওমর আওয়ামী লীগে যোগ দেওয়া এবং ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন পাওয়া প্রসঙ্গে কাদের বলেন, ‘উনি বিএনপি ছেড়ে আওয়ামী লীগে এসেছেন। এটা কি অপরাধ?’

বিএনপির কেন্দ্রীয় নেতাদের অনেকেই এখনো জেলে আছেন। শাহজাহান ওমরও জেলে ছিলেন। জেল থেকে বের হলেই আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার বিষয়টি কাকতালীয় কি-না এমন এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির অন্যান্য যে নেতারা আছেন, অপরাধের সাথে বিষয়টা তুলনা করতে হবে। আপনি একজন পুলিশকে প্রকাশ্য দিবালকে হত্যা করলেন, বিএনপির যে নেতাকর্মী যারা জেলে আছেন, তারা এ দায় এড়াতে পারেন না।’

আইনশৃঙ্খলা বাহিনীসহ সব কিছু এখন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন। নির্বাচন সংক্রান্ত কোনো কিছু এখন আর সরকারের কথায় হয় না।’

তিনি বলেন, গণতন্ত্র মানে প্রতিযোগিতা। সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু প্রতিযোগিতা। এটাই গণতন্ত্র।

আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া নেতাকর্মীদের দাবি, দলীয় স্বতন্ত্র প্রার্থীদের বসিয়ে দেওয়া। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি পার্টি অফিসে সকাল বিকাল বসে থাকি। আমি তো কোনো অভিযোগ পাইনি। নির্বাচন করুক, দেখা যাক।

কাদের বলেন, নির্বাচন সংক্রান্ত কোথাও কোনো ক্লাস বা সংঘাত হলে পুরো দায়িত্ব এখন নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে তার প্রতি আমাদের আস্থা আছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার প্রতি, তার নেতৃত্বের প্রতি আস্থাশীল। তার কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার মানসিকতা আমাদের নেতাকর্মীদের আছে।

এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com