শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

ভিকারুননিসার নতুন অধ্যক্ষ হাসিনা বেগম

ই-কণ্ঠ অনলাইন ডেস্ক::

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কলেজ শাখার সহকারী অধ্যাপক হাসিনা বেগমকে। তিনি অর্থনীতি বিষয়ের শিক্ষক। এ ছাড়া বেইলি রোডের প্রভাতি শাখার প্রধানের দায়িত্ব পেয়েছেন মহসিন তালুকদার।

গতকাল শুক্রবার ভিকারুননিসার গভর্নিং বডির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গোলাম আশরাফ তালুকদার গত রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিষ্ঠানটির নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রি অধিকারীর আত্মহত্যার জেরে আগের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌসকে বরখাস্ত করার দু’দিন পর নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেওয়া হলো। গত সোমবার দুপুরের দিকে রাজধানীর শান্তিনগরে গলায় ফাঁস দিয়ে অরিত্রি অধিকারী (১৫) নামে ভিকারুননিসার এক ছাত্রী আত্মহত্যা করে। অরিত্রি শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শাখার নবম শ্রেণির ছাত্রী ছিল।

অরিত্রির বার্ষিক পরীক্ষা চলাকালে রোববার পরীক্ষা দেওয়ার সময় অরিত্রির কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে স্কুল কর্তৃপক্ষ। এ ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ তার বাবা দিলীপ অধিকারী ও মাকে স্কুলে যেতে বলে। সোমবার স্কুলে যাওয়ার পর ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ শিক্ষকদের প্রচণ্ড দুর্ব্যবহার ও অপমানজনক আচরণের শিকার হয় অরিত্রিসহ তার বাবা ও মা। এরপর স্কুল থেকে শান্তিনগরের বাসায় ফিরে অরিত্রি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মঙ্গলবার রাতে রাজধানীর পল্টন থানায় ‘আত্মহত্যার প্ররোচনাকারী’ হিসেবে তিনজনের বিরুদ্ধে মামলা করেন অরিত্রির বাবা। মামলার আসামিরা হচ্ছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতি শাখার প্রধান জিন্নাত আরা ও শ্রেণি শিক্ষক হাসনা হেনা। পরদিন তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ওই তিন শিক্ষককে বহিস্কারসহ এমপিও বাতিল করা হয়। এ মামলায় গ্রেফতার হয়ে হাসনা হেনা বর্তমানে কারাগারে

রয়েছেন। পাশাপাশি তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পুলিশ ও র‌্যাবকে চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়। এর পরই হাসনা হেনাকে গ্রেফতার করে পুলিশ।

এসব ব্যবস্থা নেওয়ার পরও ভিকারুননিসার শিক্ষার্থীরা বিক্ষোভ করে। তাদের দাবি ছিল, অরিত্রির বাবা-মায়ের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ভিকারুননিসা কর্তৃপক্ষকে। পাশাপাশি পরিচালনা পর্ষদের সব সদস্যকে পদত্যাগ করতে হবে। এই পরিস্থিতিতে পর্ষদ চেয়ারম্যান গোলাম আশরাফ তালুকদার বৃহস্পতিবার বিকেলে শিক্ষার্থীদের সামনে গিয়ে ক্ষমা চেয়ে ধাপে ধাপে সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা ঘরে ফিরে যায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com