শনিবার, ২০ Jun ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

ভাস্কর্য ইস্যু: খালেদা-তারেক-ফখরুলের বিরুদ্ধে মামলা

আদালত প্রতিবেদক::

ভাস্কর্য ইস্যুতে এবার হেফাজতে ইসলামীর নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ বুধবার (৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদকরের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক বাদী হয়ে এই মামলা করেন৷ আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আদেশের জন্য রেখেছেন।

মামলায় খালেদা-তারেক ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হেফাজতের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও ইসলামী আন্দোলনের নায়েবে আমার মুফতি ফয়জুল করিমকে আসামি করা হয়েছে।

ভাস্কর্য নিয়ে বক্তব্যকে মানহানিকর উল্লেখ করে দণ্ডবিধির ৫০০/৫০৬/৪২৭/১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে হেফাজত নেতাদের বিভিন্ন বক্তব্যকে আর্জিতে অভিযোগ হিসেবে আনা হয়। অপরদিকে এই মৌলবাদী গোষ্ঠীকে বিভিন্নভাবে সহযোগিতা ও জোটগত রাজনীতির মাধ্যমে পৃষ্ঠপোষকতার অভিযোগ আনা হয় খালেদা-তারেক-ফখরুলের বিরুদ্ধে। এজাহারে উগ্রপন্থি স্বাধীনতা বিরোধীদের নিয়ে আওয়ামী লীগের নিস্ত্রিয়তারও সমালোচনা করা হয়।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর জুনায়েদ বাবুনগরী, মাওলানা মামুনুল হক এবং সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com