সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

ভারত থেকে শেখ হাসিনাকে বের করে দেওয়ার দাবি শিবসেনা এমপির

ভারত থেকে শেখ হাসিনাকে বের করে দেওয়ার দাবি শিবসেনা এমপির

অনলাইন ডেস্ক:: ৫ আগস্ট বৈসম্যবিরোধী ছাত্র-জনতার প্রবল আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সে দেশ থেকে বের করে দেওয়ার দাবি জানিয়েছেন শিবসেনা এমপি সঞ্জয় রাউত।

সোমবার (২০ জানুয়ারী) ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রতি ক্ষোভ ঝেড়ে এই দাবি জানান তিনি।

ভারতের বার্তা সংস্থা এএনআইর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তবে শুধু শেখ হাসিনা নন, সব বাংলাদেশিকেই ভারত ছাড়া করার দাবি জানিয়েছেন সঞ্জয়।

সম্প্রতি বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলাকারী যুবককে বাংলাদেশি বলে দাবি করে মুম্বাই পুলিশ। তারই জেরে সব বাংলাদেশিকে ভারত থেকে বের করার দাবি জানালেন শিবসেনার ওই এমপি।

তিনি বলেন, ভারত থেকে সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত। এটা শুরু হওয়া উচিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে। একইসঙ্গে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহের পদত্যাগও দাবি করেন সঞ্জয়।

সাইফ আলি খানের ওপর হামলাকারী সম্পর্কে প্রশ্ন রেখে শিবসেনার এই এমপি বলেন, কে বলেছে তিনি বাংলাদেশি? বিজেপি? তারা দাবি করছে সাইফ আলি খানের ওপর হামলা একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। আন্তর্জাতিক ষড়যন্ত্র কী?

তিনি আরও বলেন, একজন অভিনেতার ওপর হামলা হয়েছে। জনগণকে সত্যটা বলা উচিত। যদি হামলাকারী বাংলাদেশি হন, তাহলে এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার। এটা অমিত শাহের দায় এবং এজন্য তার পদত্যাগ করা উচিত।

সঞ্জয় বলেন, শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। তারা শুধুই আতঙ্ক সৃষ্টি করছেন। এর কারণ, মুম্বাই মিউনিসিপ্যাল নির্বাচন। যখনই আমরা পার্লামেন্টে বাংলাদেশিদের বিরুদ্ধে কথা বলতে চাই, তখনই বিজেপি আমাদের থামিয়ে দেয়। এ ক্ষেত্রে তারা আন্তর্জাতিক সম্পর্কের কথা বলে।

বিজেপি সম্প্রতি সাইফ আলি খানকে লাভ জিহাদের অভিযোগে অভিযুক্ত করেছে জানিয়ে সঞ্জয় বলেন, সাইফের ছেলের নাম তৈমুর। তাদের লোকজন তাকে নিয়েও বাজে সব কথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসব তথ্য পেয়েছেন। এখন তৈমুর হয়ে উঠেছে তাদের ভালোবাসার প্রতীক।

সম্প্রতি বলিউড তারকা সাইফ আলি খানকে তার বাড়িতে ঢুকে ছুরিকাঘাতে আহত করার ঘটনায় মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ নামে একজনকে আটক করে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে মামলা হয়েছে। মুম্বাই পুলিশের দাবি, শরিফুলের বাড়ি বাংলাদেশের ঝালকাঠিতে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com