শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

বেলজিয়ামের স্বপ্নের ম্যাচ তবে ফেবারিট ব্রাজিল

স্পোর্টস রিপোর্টার:: রাশিয়া বিশ্বকাপের সেরা দল বলতে গেলে বেলজিয়াম এবং উরুগুয়ে। গ্রুপ পর্বে নিজেদের খেলা তিন ম্যাচেই জয় পায় দল দুটি। এছাড়া শেষ ষোলোর ম্যাচেও জয় তুলে নিয়েছে নির্ধারিত ৯০ মিনিটের মধ্যেই। এমনকি টপ ফেবারিট হিসেবে টিকে থাকা ব্রাজিল-ফ্রান্সকেও গ্রুপ পর্বে একটি করে ম্যাচ সমতায় শেষ করতে হয়েছে। তবে বেলজিয়াম কোচ রর্বাতো মার্টিনেজ মনে করেন, সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ফেবারিট ব্রাজিল। আর বেলজিয়ামের খেলোয়াড়দের জন্য এটা স্বপ্নের মতো এক ম্যাচ।

বেলজিয়াম কোচ বলেন, ‘এই দুই দলই ম্যাচে গোল করতে পারে এবং জয় তুলে নিতে পারে। ব্রাজিলের বিপক্ষে শুধু পায়ে বল ধরে রাখলেই চলবে না। বল নিয়ে আসল কাজটাও করতে হবে। আর বিশ্বকাপে সেটাই আসল। আমরা জানি এই ম্যাচে আমাদের কি করার সামর্থ্য আছে। তবে ব্রাজিল এ ম্যাচে ফেবারিট থাকবে। তারা আমাদের অন্য ভূমিকায় ঠেলে দিয়েছে। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি আমাদের খেলোয়াড়দের জন্য স্বপ্নের এক ম্যাচ।’

ব্রাজিল এবং বেলজিয়ামের মধ্যে পার্থক্যের ব্যাপার তুলে ধরে লুকাকু-হ্যাজার্ডদের কোচ বলেন, ‘ব্রাজিলের খেলোয়াড়দের এমন ম্যাচ খেলার জন্যই জন্ম হয়েছে। আমরাও ম্যাচটি জয়ের জন্যই খেলবো। তবে আমরা তাদের ফুটবলার এবং সমর্থকদের মতো বড় করে প্রত্যাশা করতে পারছি না। এটাই হলো দুই দলের পার্থক্য।’

জাপানের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে বেলজিয়াম শুরুতে দুই গোল খেয়ে বসে। এরপর দ্বিতীয়ার্ধের শেষের দিকে ৩ গোল দিয়ে জয় ছিনিয়ে নেয়। তবে জাপানের কাছে দুই গোল খাওয়ার জন্য অনেকে বেলজিয়ামের রক্ষণ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন।

ব্রাজিলের বিপক্ষে খেলার ব্যাপারে বেলজিয়াম কোচ মার্টিনেজ বলেন, ‘এমন ম্যাচে জিততে গেলে আপনাকে ১১ জন নিয়ে রক্ষণ সামলাতে হবে। আবার ১১ জনকেই আক্রমণে ভূমিকা রাখতে হবে। আমরা তাদের বিপক্ষে খেলার কৌশলের কথা বলছি না। তবে আমাদের পায়ে বল থাকলে কি করতে হবে তা ভালোমতো বুঝতে পারছি।’

দুই দলের কৌশলে কাঁটা ছেড়ার বেশি সুযোগ নেই উল্লেখ করে বেলজিয়াম কোচ বলেন, ‘আমার মনে হয় না গোপন করার মতো কিছু আছে ওই ম্যাচে। আমাদের যতসম্ভব ভালোভাবে রক্ষণ সামলাতে হবে। এরপর যখন পায়ে বল থাকবে তখন তাদের বিপদে ফেলতে হবে। এটা খুব সহজ ফর্মুলা এবং আমাদের দল সেটা করতেই প্রস্তুত। কৌশলের চিন্তায় আমাদের হাতে অনেক বিকল্প আছে। আমি এবং আমার মাথা জানে ঠিক সময়ে কী করতে হবে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com