শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার অ্যালিসন

স্পোর্টস রিপোর্টার:: গোলকিপারের ভুলেই এবারকার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটা ঘরে তুলতে পারেনি লিভারপুল। গোলকিপার লরিস ক্যারিয়াসই ফাইনালে ডুবিয়েছিল ইংলিশ ক্লাবটিকে। তাই নিজেদের গোলপোস্টের সুরক্ষা বাড়াতে ব্রাজিলিয়ান গোলকিপার অ্যালিসনকে দলে ভেড়াচ্ছে ক্লাবটি।

২৫ বছর বয়সী অ্যালিসনকে দলে নিতে বড় অংকের টাকা খরচ করতে হচ্ছে অ্যানফিল্ডের ক্লাবটিকে। গোলকিপারের ট্রান্সফারের রেকর্ড গড়ে ৭৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে এএস রোমা থেকে অ্যালিসনকে নিচ্ছে লিভারপুল। এর মধ্য দিয়ে বুফনকে টপকিয়ে বিশ্বের সবচেয়ে দামি গোলকিপারের রেকর্ডটা এখন এই ব্রাজিলিয়ানের।

এত দিন সবচেয়ে দামি গোলকিপারের রেকর্ডটা ছিল ইতালিয়ান কিংবদন্তি বুফনের। ২০০১ সালে ৫২ মিলিয়ন ইউরোতে পরমা থেকে বুফনকে দলে নিয়েছিল জুভেন্তাস।

ব্রাজিলিয়ান এই গোলকিপারের জন্য গেল সপ্তাহে ৫৩ মিলিয়ন পাউন্ডের সঙ্গে ৯ মিলিয়নের অ্যাড অন প্রস্তাব করেছিল লিভারপুল। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেয় ইতালিয়ান ক্লাবটি। অবশেষে ৬৬.৮ মিলিয়ন পাউন্ডে (৭৫ মিলিয়ন ইউরো) রাজি হয়েছে উভয় পক্ষ। আর এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক হয়ে গেলেন এই ব্রাজিলিয়ান। সূত্র : মার্কা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com