মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

অনলাইন ডেস্ক, একুশের কণ্ঠ:: মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়া এবং যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়ার সম্ভাবনার প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। খবর- রয়টার্স’র।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৫ মিনিটে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৩৭ দশমিক ১০ ডলারে নেমে আসে।

এর আগের সেশনে মূল্যবান ধাতুটির দাম ১৯ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল। তবে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৮৫ দশমিক ৩০ ডলারে উঠেছে।

বাজার বিশ্লেষকদের মতে, স্বর্ণের দামে চাপ তৈরির অন্যতম কারণ যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত। ফেডের চেয়ারম্যান কেভিন ওয়ার্শ জ্যাকসন হোলে দেওয়া বক্তব্যে মূল্যস্ফীতি ২ শতাংশের লক্ষ্যে ফেরার বিষয়ে পর্যাপ্ত আত্মবিশ্বাস তৈরি না হলে কেন্দ্রীয় ব্যাংককে আরও পদক্ষেপ নিতে হতে পারে বলে ইঙ্গিত দেন।

এর পর গত শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম ৩ শতাংশের বেশি কমে যায়।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ব্যবসায়ীরা বর্তমানে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়ার সম্ভাবনা ৬৬ শতাংশ এবং ডিসেম্বরে তা বাড়ার সম্ভাবনা ৮৯ শতাংশ হিসেবে দেখছেন। সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের আকর্ষণ কমে যায়। কারণ স্বর্ণ কোনো সুদ দেয় না। ফলে সুদ পাওয়া যায় এমন সম্পদের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে এবং স্বর্ণের বাজারে চাপ তৈরি হয়।

এদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের আশঙ্কাও আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বাড়াচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইরানের বিরুদ্ধে আরও হামলার হুমকি দিয়েছেন। এর প্রভাবে জ্বালানি তেলের দামও টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯১ ডলারের ওপরে উঠেছে।

বিশ্লেষকদের আশঙ্কা, তেলের দাম বাড়লে বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে। আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফেড সুদের হার বাড়ানোর পথে গেলে স্বর্ণের দামে আরও চাপ তৈরি হতে পারে।

এদিকে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৬ দশমিক ৩৪ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৭৯৩ দশমিক ০৩ ডলারে উঠেছে। অন্যদিকে প্যালাডিয়ামের দাম অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ১ হাজার ৩৫৬ দশমিক ৭৫ ডলারে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com