রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

বিকালে বাসায় ফিরবেন খালেদা জিয়া

অনলাইন প্রতিবেদক:: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পাঁচ মাস চিকিৎসা নেওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বৃহস্পতিবার বাসায় ফিরবেন। এদিন বিকাল চারটায় হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হবেন খালেদা জিয়া।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বুধবার খালেদা জিয়াকে হাসপাতাল কর্তৃপক্ষ সাময়িকভাবে বাসায় যাওয়ার ছাড়পত্র দেন।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘ম্যাডামকে বিকালে বাসায় নিয়ে যাওয়া হবে। তার যে মেডিকেল বোর্ডের পরামর্শে সাময়িকভাবে বাসায় যাওয়ার এই সিদ্ধান্ত হয়েছে, সেই বোর্ড এও সিদ্ধান্ত নিয়েছে যে, গুলশানের বাসায় চিকিৎসা দেবে মেডিকেল বোর্ড। সেখানে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, ২০১৮ সালে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দি হন খালেদা জিয়া। ২০২০ সালের মার্চ মাসে সরকারের বিশেষ বিবেচনায় তাকে বাসায় থাকার অনুমতি দেওয়া হয়। ৭৮ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনির জটিলতাসহ নানা রোগে ভুগছেন। এরপর করোনায় আক্রান্ত হওয়াসহ বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

সর্বশেষ ২০২৩ সালের ৯ আগস্ট খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে তার পরিবার থেকে সরকারের কাছে আবেদন করা হয়। কিন্তু কয়েক দফা আবেদনেও সরকারের তরফ থেকে অনুমতি মেলেনি।

এর পর গত ২৭ অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয়। পরদিন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার যকৃতের রক্তনালিতে সফল অস্ত্রোপচার করেন তারা। এরপর লিভার সিরোসিসজনিত জটিলতা কিছুটা উপশম হলেও তাকে হাসপাতালেই সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়। সর্বশেষ গত ৯ জানুয়ারি বিকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়। অবস্থার কিছুটা উন্নতি হওয়ার পর সন্ধ্যায় তাকে ফের কেবিনে আনা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com