শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
অসুস্থ কারাবন্দী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তৃতীয় বারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে খালেদা জিয়াকে বহনকারী আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িবহর বিএসএমএমইউতে নিয়ে আসে।
এজন্য বিএসএমএমইউ হাসপাতাল কর্তৃপক্ষ প্রস্তুতি সম্পন্ন করেছে। কারাগার থেকে খালেদা জিয়ার ব্যক্তিগত জিনিসপত্র কারা কর্তৃপক্ষের একটি গাড়িতে করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। কয়েকটি লাগেজ, চেয়ার, ব্যাগ এ সময় নামানো হয় গাড়ি থেকে।
বেগম জিয়াকে দেখতে ইতিমধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান ড. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত হয়েছেন।
এদিকে খালেদা জিয়াকে কারাগার থেকে বের করায় রাজধানীর কেন্দ্রীয় কারাগার, পুরান ঢাকা, আলিয়া মাদরাসা চত্বরসহ আশপাশের এলাকায় কয়েকস্তরের নিরাপত্তা নেয়া হয়েছে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, কেন্দ্রী শহীদ মিনার রোড, শাহবাগসহ আশপাশের সড়কেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সব ধরনের যান চলাচল শিথিল করা হয়েছে।
এর আগে গত ১০ মার্চ খালেদা জিয়াতে বিএসএমএমইউতে আনার সকল প্রস্ততি থাকলেও তাকে আনা হয়নি। সেদিন বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন জানান, যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হলেও সেখানে যেতে অনীহা প্রকাশ করায় খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে আসতে পারেনি কারা কর্তৃপক্ষ।