শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না। গণতন্ত্র রক্ষার জন্যও আন্দোলন করছে। সরকারের সব সুযোগ-সুবিধা ব্যবহার করে সারাদেশে হেলিকপ্টারে চড়ে জনসভা করছেন প্রধানমন্ত্রী, অথচ বিএনপিকে সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না।

১৫ মার্চ বৃহস্পতিবার বিকেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রামে বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগরীর নাসিমন ভবনস্থ নগর বিএনপি কার্যালয়ের সামনে নূর আহমদ সড়কে এই জনসভা আয়োজন করা হয়।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক, গোলাম আকবর খোন্দকার, ফজলুল হক, বিএনপির চট্টগ্রাম সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। জনসভায় নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর সঞ্চালনা করেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার মামলার ফরম্যাট করে রেখেছে। যখন যাকে খুশি তাকে ওই ফরম্যাটে ফেলে জেল-জুলুম করছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তাদের এই রাজনৈতিক দেউলিয়াত্ব দূর করার জন্য খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে তাকে কারাগারে পাঠিয়েছে। শুধু তাই নয়, সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা-মামলার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে তারা।

গত আট বছরে সারাদেশে বিএনপির ১১ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে ৭৮ হাজার মামলা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে। দেশজুড়ে এক আতঙ্ককজনক অবস্থা বিরাজ করছে। দুঃসহ এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দেশের মানুষের ভোটের অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় জনগনকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলেই আমাদের জয় হবে।

সরকারকে দাম্ভিকতা পরিত্যাগ করার আহ্বান জানিয়ে ফখরুল আরও বলেন, আপনারা সাধারণ মানুষের চোখের ভাষা পড়ুন, মনের ভাষা পড়ুন, নিরপেক্ষ নির্বাচন দিন। দেশে জনগনের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি করুন।

জনসভায় খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ ও সরকার মনে করেছিল খালেদা জিয়াকে কারাগারে আবদ্ধ করা হলে বিএনপি ধ্বংস হয়ে যাবে, বিপন্ন হয়ে পড়বে। কিন্ত তাদের সেই ষড়যন্ত্র আজ বুমেরাং হয়ে গেছে। বিএনপি আজ ঐক্যবদ্ধ অনেক সুশৃঙ্খল ও শক্তিশালী।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, বর্তমান সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে আজ দশ লাখ নির্যাতিত রোহিঙ্গা তাদের দেশে ফেরত যেতে পারছে না। প্রধান বিচারপতিকে জোর করে পদত্যাগে বাধ্য করে পুরো বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করা হয়েছে। একদিন এসবের জবাব দিতে হবে।

ড. আবদুল মঈন খান বলেন, খালেদা জিয়া বিরুদ্ধে সরকারের নির্দেশিত আদালতের রায় দেশে মানুষ মেনে নেয়নি। খালেদা জিয়া মুক্তি আন্দোলনে চট্টগ্রামের মানুষ অগ্রণী ভূমিকা পালন করবে।

খালেদা জিয়াকে কারাগারে রেখে কোনো নির্বাচন হতে দেয়া হবে না- এমন হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপি নেতা আমীর খসরু মাহামুদ চৌধুরী, দেশে এখন গণতন্ত্র, আইনের শাসন, জীবনের নিরাপত্তা, সংবিধানিক অধিকার- সবকিছুই ভুলুন্ঠিত। আওয়ামী লীগ ও সরকার চলছে ফ্যাসিবাদী একদলীয় পথে। তারা গণতন্ত্র মানে না। আওয়ামী লীগ জনগণের ভোটকে ভয় পায়।

নেপালের ত্রিভুবন বিমান বন্দরে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়ে সভার কার্যক্রম শুরু করা হয়। ভয়াবহ এ দুর্ঘটনায় শোক প্রকাশ করে দলটির সিনিয়র নেতারা বুকে কালোব্যাজ ধারণ করেন।

চট্টগ্রামের লালদীঘি মাঠে জনসভা আয়োজন করতে চেয়েছিলো বিএনপি। কিন্তু শেষ পর্যন্ত অনুমতি না মেলায় নগরীর নাসিমন ভবনস্থ নগর বিএনপি কার্যালয় ভবনের সামনে নূর আহম্মদ সড়কে জনসভা আয়োজন করে দলটি। বুধবার রাতে সেখানে সমাবেশ আয়োজনের অনুমতি দেয় সিএমপি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com