বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

বিএনপি-জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল চলছে

নিজস্ব প্রতিবেদক:: বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা হরতালে আজ রোববার সকাল থেকেই ঢাকা শহরের রাস্তাগুলো বেশ ফাঁকা দেখা যাচ্ছে। সেখানে সীমিত সংখ্যক যান চলাচল করতে দেখা যাচ্ছে।

বিআরটিসি’র বাস সহ অল্প সংখ্যক বাস চলাচল করছে। হাতেগোনা কিছু প্রাইভেটকার চলাচল করছে। তবে প্রতিটি রাস্তাতেই রিক্সা চলাচল করছে।

পুলিশ ও ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নিজেদের মহাসমাবেশে হামলার অভিযোগ করে দেশজুড়ে আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। বাংলাদেশ জামায়াতে ইসলামীও এবং সমমনা আরো কয়েকটি রাজনৈতিক দলও আজ হরতাল ডেকেছে।

এর মাধ্যমে তিন বছর আট মাস পর আবারো হরতাল কর্মসূচিতে ফিরে গেলো বিরোধী দলগুলো।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বিকেল সোয়া ৩টার দিকে নয়াপল্টনে মহাসমাবেশের মঞ্চ থেকে রোববার হরতাল পালনের ঘোষণা দিয়েছিলেন। এর পরপরই কার্যত সমাবেশের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এমনকি সমাবেশে মির্জা আলমগীর সভাপতির ভাষণ দেয়ার কথা থাকলেও তাও দিতে পারেননি।

ওদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিএনপির এই হরতাল কর্মসূচির তীব্র সমালোচনা করে একে প্রতিহত করতে আজ মাঠে থাকার ঘোষণা দিয়েছে।

দলটির সাধারণ সম্পাদক ঢাকায় আওয়ামী লীগের সমাবেশ থেকে আজ দেশজুড়ে শান্তি সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com