বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

বাংলাদেশ-পাকিস্তান লড়াই প্রথম ম্যাচেই, নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হবে ২১ নবেম্বর। প্রথম ম্যাচেই পাকিস্তান নারী ক্রিকেট দলের বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। জিম্বাবুয়েতে হবে খেলা।
বাংলাদেশ এবার গ্রুপ-বি’তে আছে। এই গ্রুপে বাংলাদেশ, পাকিস্তান ছাড়াও আছে থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও স্বাগতিক জিম্বাবুয়ে আছে।

পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর ২৩ নবেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ২৫ নবেম্বর থাইল্যান্ড ও ২৯ নবেম্বর স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। জিম্বাবুয়ের হারারেতে হবে সব খেলা। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় বাংলাদেশের সব খেলা হবে।

নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব
বাংলাদেশের খেলার সূচী
তারিখ প্রতিপক্ষ ভেন্যু
২১ নবেম্বর পাকিস্তান ওল্ড হারারিয়ান্স, জিম্বাবুয়ে
২৩ নবেম্বর যুক্তরাষ্ট্র টাকাসিংগা ক্রিকেট ক্লাব, জিম্বাবুয়ে
২৫ নবেম্বর থাইল্যান্ড হারারে স্পোর্টস ক্লাব জিম্বাবুয়ে
২৯ নবেম্বর জিম্বাবুয়ে ওল্ড হারারিয়ান্স, জিম্বাবুয়ে
সব ম্যাচ দুপুর ১.৩০ মিনিটে শুরু হবে

বিশ্বকাপের বাছাই বাছাইপর্ব খেলার আগে জিম্বাবুয়ে গিয়ে স্বাগতিক দলের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ১০, ১২ ও ১৫ নবেম্বর হবে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।

এরপর বাছাইপর্ব খেলার আগে শ্রীলঙ্কার বিপক্ষে ১৯ একটি প্রস্তুতি ম্যাচও খেলবে। দুই গ্রুপে হবে খেলা। গ্রুপ-এ’তে আছে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, হল্যান্ড ও পাপুয়া নিউ গিনি।

দুই গ্রুপ থেকে পয়েন্ট তালিকায় সেরা তিনে থাকা মোট ছয়টি দল সুপার সিক্সে খেলবে। গ্রুপের খেলাগুলো শেষ হবে ২৯ নবেম্বর। ১ ডিসেম্বর থেকে শুরু হবে সুপার সিক্সের খেলা। প্রতিটি দল পরস্পরের বিপক্ষে লড়াই করবে। যে তিনটি দল সুপার সিক্সের পয়েন্ট তালিকায় উপরে থাকবে, তারাই বিশ্বকাপের মুল মঞ্চে খেলতে পারবে। ২০২২ সালের ৪ মার্চ থেকে ৩ এপ্রিল নিউজিল্যান্ডে হবে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের স্বাগতিক হিসেবে নিউজিল্যান্ড আগেই মুল পর্ব খেলা নিশ্চিত করে রেখেছে।

এরসঙ্গে আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় সেরা চারদল, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারতও রয়েছে। বাংলাদেশ নারী ক্রিকেট দলও মুল পর্ব খেলার যোগ্যতা রাখে। এজন্য গ্রুপের সেরা তিন দলের একটি হয়ে সুপার সিক্স খেলতে হবে। সুপার সিক্সেও সেরা তিন দলের একটি হতে হবে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com