রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

প্রযুক্তি দিয়েই প্রশ্নফাঁস বিপর্যয় রোধ করা সম্ভব

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: প্রশ্নপত্র ফাঁস সমস্যা ও তার প্রযুক্তিগত সমাধান নিয়ে ১৪ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) মিলনায়তনে এক গোলটেবিল বৈঠক আয়োজন করে যৌথভাবে চারটি সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ), জাগো ফাউন্ডেশন, পরিবর্তন চাই ও ঢাকা ইউনিভার্সিটি আইটি সোসাইটি।
অনুষ্ঠানের মূল প্রবন্ধ পাঠ করেন বন্ডস্টেইন লিমিটেডের প্রধান শাহরুখ ইসলাম। মূল বক্তব্যে নতুন প্রযুক্তির যথাযথ ব্যবহার করে প্রশ্নফাঁস মোকাবেলা করার বিভিন্ন সম্ভাব্য সমাধান প্রস্তাব করা হয় যা ইতিমধ্যেই দেশে এবং বিদেশে পরীক্ষামূলক পদ্ধতিতে সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।
আলোচনায় বক্তারা বলেন, এসএসসি ও অন্যান্য পাবলিক পরীক্ষার প্রশ্নফাঁস এখন এক মহামারী আকার ধারণ করেছে। এখনই যদি এটা মোকাবেলা করা না যায় তাহলে একটি প্রজন্মের সম্ভবনাকে হত্যা করা হবে।

বক্তারা বলেন, প্রযুক্তির অপব্যবহারের করে যেমন প্রশ্নফাঁস সমস্যা তৈরি হয়েছে, সেভাবে প্রযুক্তির ব্যবহার করেই এটি রোধ করা সম্ভব। প্রযুক্তির ব্যবহারের সঙ্গে সঙ্গে অপরাধীদের সনাক্তকরণ, আইনের কঠোর প্রয়োগ ও শাস্তি, দায়িত্বে থাকা ব্যক্তিদের জবাবদিহিতা নিশ্চিতকরণ করেই এই বিপর্যয় সামাল দিতে হবে বলে বক্তারা জোর দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডিজবসের প্রতিষ্ঠাতা ও বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাশরুর। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের সহ-সভাপতি নাজনিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি আল ইমরান, পরিবর্তন চাই-এর অন্যতম প্রতিষ্ঠাতা ফিদা হক, বেসিস-এর সিনিয়র সহ-সভাপতি ও চ্যামস২১-এর প্রতিষ্ঠাতা রাসেল টি আহমেদ, বিসনেস অটোমেশনের এমডি জাহিদুল হাসান, ন্যাসেনিয়ার ব্যবস্থাপনা পরিচালক শায়ের আহমেদ, প্রেনার ল্যাবের প্রতিষ্ঠাতা আরিফ নিজামী, জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাকসান্দ। অনুষ্ঠানে পাওয়া প্রস্তাবনাগুলো শিক্ষা মন্ত্রণালয়, বোর্ড কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পেশ করার ব্যাপারে সিদ্ধান্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com