শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

প্রমাণ হয়েছে দেশে গণতন্ত্র নেই: ফখরুল

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: একটি জার্মান প্রতিষ্ঠানের প্রতিবেদনে বাংলাদেশকে ‘একনায়কতান্ত্রিক’ দেশের কাতারে ফেলার ঘটনাটি জাতির জন্য লজ্জাজনক বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমাদের এতো দিনের অভিযোগ আজ প্রমাণিত। এতে প্রমাণিত হয় দেশে গণতন্ত্র নেই।’

আজ শনিবার (২৪ মার্চ) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ কথা বলেন।

গত বৃহস্পতিবার জার্মানির গবেষণা প্রতিষ্ঠান বেরটেলসমান স্টিফটুং এক প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশসহ ওই পাঁচটি দেশ গণতন্ত্রের ন্যূনতম মানদণ্ড পূরণ করছে না। বাংলাদেশকে নতুন করে ‘একনায়কতান্ত্রিক’ দেশের তালিকায় ফেলা ওই প্রতিবেদনে সারাদেশে সহিংসতার জন্য কঠোর সমালোচনা করা হয়েছে বিএনপিরও।

ফখরুল বলেন, বাংলাদেশে গণতন্ত্র নেই, এটি তারা বলে আসছিলেন। কিন্তু এই জরিপের ফলাফল প্রকাশের পর সরকারের লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত। ১৯৮২ সালের ২৪ মার্চ নির্বাচিত রাষ্ট্রপতি আবদুস সাত্তারকে হটিকে রাষ্ট্র ক্ষমতা দখল করা হুসেইন মুহম্মদ এরশাদকে এই দিন সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে দেয়ারও সমালোচনা করেন ফখরুল। বলেন, ‘গণতন্ত্র হত্যা দিবসে গণতন্ত্র হত্যাকারীদের সমাবেশ করতে দিলেও গণতন্ত্র রক্ষাকারীদের সমাবেশ করতে দিচ্ছে না সরকার।’

৪৭তম স্বাধীনতা দিবসের কর্মসূচিও ঘোষণা করেন ফখরুল। জানান, সেদিন ভোর ৬ টায় কেন্দ্রীয় কার্যালয়সহ সব দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করবে বিএনপি। দিবসটি উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র বের করার পাশাপাশি রচনা প্রতিযোগিতা আয়োজন করা হবে।

স্বাধীনতা দিবস উপলক্ষে ৩১ মার্চ বিএনপির উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা হবে বলেও জানান বিএনপি মহাসচিব। কারাবন্দি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করতে ৭৮ টি জেলায় ৩৭ টি দল সফরে যাবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com