শনিবার, ২০ Jun ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

প্রথম আলোর সম্পাদকসহ ৯ জনের বিচার শুরু

নিজস্ব প্রতিনিধি::

রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাইমুল আবরারের অবহেলাজনিত মৃত্যুর মামলায় প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমানসহ ৯ জনের বিরুদ্ধে চার্জগঠন করেছেন আদালত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েস এ চার্জ গঠন করেন। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

আগামী ২৪ ডিসেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

চার্জ গঠনের মতো কোনো উপাদান না থাকায় আনিসুল হককে মামলার দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে।

মতিউর রহমান বাদে অপর আসামিরা হলেন- কবির বকুল, শুভাশিষ প্রামাণিক শুভ, মহিতুল আলম পাভেল, শাহপরান তুষার, জসিম উদ্দিন অপু, মোশারফ হোসেন, সুজন ও কামরুল হায়দার।

গত ১৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক আব্দুল আলীম এ আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ধারা ৩০৪ (এ) অভিযোগের বিষয়ে সত্যতা প্রমাণিত হওয়ায় প্রতিবেদন দাখিল করেছিলেন।

২০১৯ সালের ৬ নভেম্বর সিএমএম আদালতে আবরারের বাবা মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ১ নভেম্বর ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে কিশোরদের মাসিক সাময়িকী কিশোর আলোর বর্ষপূর্তির অনুষ্ঠানে নাইমুল আবরার মারা যায়। অনুষ্ঠান চলাকালে বিকেল সাড়ে ৩টার দিকে আবরার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। অনুষ্ঠানের জন্য যে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয় তা অরক্ষিত ছিল। অনুষ্ঠান পরিচালনার জন্য বৈদ্যুতিক ব্যবস্থার যে নিরাপত্তা ও সাবধানতার প্রয়োজন ছিল তা নেওয়া হয়নি।

ঘটনাস্থলের অতি সন্নিকটে সোহরাওয়ার্দী হাসপাতাল অবস্থিত হলেও আবরারকে মহাখালী ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নাইমুল আবরার বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর বিকেল ৪টা ৫১ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com