শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

নেতাদের মতামত চেয়ে সব জেলায় বিএনপির চিঠি

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: সংসদীয় আসনের সীমানা নিয়ে আপত্তি আছে কি না, তা জানতে জেলা নেতাদের কাছে চিঠি পাঠিয়েছে বিএনপি। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে চিঠি পাঠানো হয়। চিঠিতে নিজ নিজ জেলার সংসদীয় আসনের ব্যাপারে দলের মহাসচিবের কাছে লিখিত মতামত আগামী বৃহস্পতিবারের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘শুক্রবার দলের নীতিনির্ধারণী সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সংসদীয় আসনের সীমানা নিয়ে কারও দ্বিমত কিংবা অপত্তি থাকলে তার সুস্পষ্ট কারণ ও যুক্তিগুলো উল্লেখ করে সংশোধিত নতুন প্রস্তাব লিখিত আকারে পাঠাতে হবে। এ মতামত বৃহস্পতিবারের মধ্যে কেন্দ্রীয় কর্যালয়ে পাঠাতে হবে। এরপর পাঠালে তা গ্রহণ করা হবে না।’

চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে যেসব আসনের সীমানা নিয়ে বিএনপি নেতাদের আপত্তি কিংবা সুপারিশ কিংবা দাবি পাওয়া যাবে, তা আমরা নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে জানাব।’

এর আগে ১৯ জুন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসনের সীমানা ৩৩ বছর আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার দাবি জানিয়েছিল বিএনপি। প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সঙ্গে নির্বাচন কমিশন ভবনে দেখা করে বিএনপির একটি প্রতিনিধি দল সীমানা পুনর্নির্ধারণ নিয়ে তাদের অবস্থান তুলে ধরে। সীমানা পুনর্নির্ধারণ নিয়ে বিএনপি প্রতিনিধি দল ১৯৮৪ সালের নীতিতে ফিরে যাওয়ার কথা বলে। বিএনপির দাবি- ১৯৮৪ সালে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশে ৩০০ আসন নির্ধারণ করা হয়। কিন্তু ২০০৮ সালে দশম নির্বাচনের আগে আসনগুলো ভেঙে ১৩৩টিতে পরিবর্তন করা হয়েছিল। এতে নির্বাচন কমিশনের আইন-কানুনের ব্যত্যয় ঘটেছে।

এদিকে বুধবার জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ৩৮টির সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ১৬ জেলার ৩৮টি আসনের সীমানায় পরিবর্তন এসেছে। খসড়া সীমানার ওপর দাবি, আপত্তি, সুপারিশ ও মতামত থাকলে তা পহেলা এপ্রিল পর্যন্ত ইসিতে জমা দেয়া যাবে। এর ওপর কমিশন শুনানি শেষ করে ৩০ এপ্রিলের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি।

সূত্র জানায়, নির্বাচন কমিশন (ইসি) ৩৮টির সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া তালিকা প্রকাশ করার একদিন পর শুক্রবার চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের এক নীতিনির্ধারণী সভা হয়। ওই সভায় সংসদীয় আসনের সীমানা নিয়ে আপত্তি আছে কি না, তা জানতে সব জেলার নেতাদের কাছে চিঠি পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়। ১৬ জেলার ৩৮টি আসনের সীমানায় পরিবর্তনের বিষয়টিও বৈঠকে আলোচনা হয়। ৩৮টি সংসদীয় আসনের ব্যাপারে দাবি, আপত্তি, সুপারিশ ও মতামত থাকলে তা বৃহস্পতিবারের মধ্যে মহাসচিবকে লিখিত আকারে জানানোর বিষয়েও চিঠি দেয়ার সিদ্ধান্ত হয়। দলের নীতিনির্ধারণী সভার সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সব জেলায় চিঠি পাঠানো হয়েছে।

দলের স্থায়ী কমিটির এক সদস্য বলেন, ‘জেলা নেতাদের কাছ থেকে সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি, আপত্তি ও সুপারিশ পেলে তা নিয়ে দলের সিনিয়র নেতারা আলোচনা করবেন। পরে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে দলের বক্তব্যের সঙ্গে দাবি, আপত্তি ও সুপারিশ নির্বাচন কমিশনকে দেয়া হবে।’ সূত্র : যুগান্তর

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com