শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপে ব্রাজিল দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় কে? প্রশ্নের উত্তরে বেশিরভাগ মানুষের উত্তরটা একই হওয়ার কথা- নেইমার। পিএসজির হয়ে খেলা এই ফরোয়ার্ডের কাঁধেই অধিকাংশ সমর্থক নিজেদের বিশ্বকাপ প্রত্যাশার ভার চাপিয়েছেন। কিন্তু ব্রাজিলের সাবেক ফুটবলার কাকার মতটা খানিক ভিন্ন। তার মতে, নেইমার নন, রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের নাম ফিলিপে কুতিনহো।
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচের কোনোটিতেই নেইমারকে ঠিক ‘নেইমারসুলভ’ ফুটবল খেলতে দেখা যায়নি। কোস্টারিকার বিপক্ষে ম্যাচে গোলের দেখা পেয়েছেন ঠিকই, কিন্তু নিজের সেরা খেলাটা খেলতে পারেননি। অন্যদিকে দুই ম্যাচের প্রতিটিতেই গোল করা কুতিনহো নিজের দিকে আলোটা ঘুরিয়ে নিয়েছেন। কাকার মতে, কুতিনহোই এখন এই ব্রাজিল দলের প্রধান চরিত্র।
ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে কাকা বলেন, ‘নেইমার আমাদের দলের সবচেয়ে সেরা খেলোয়াড়। আমি মনে করি, তিতে তাকে বেশ ভালোভাবেই সামলাচ্ছেন এবং তাকে অনেক স্বাধীনতা দিচ্ছেন। এতে করে দল হিসেবে ব্রাজিল আরও শক্তিশালী হচ্ছে। তবে এই দলের নায়ক হচ্ছেন কুতিনহো। ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় সে।’
বিশ্বকাপের আগে পায়ের চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে কাটিয়েছেন নেইমার। এমনকি বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচেও পায়ে চোট পেয়েছিলেন তিনি। সেই ম্যাচে বেশ অনেকবার ফাউলের শিকার হয়েছিলেন নেইমার। তবে দমে যাননি একেবারেই। নিজের ক্যারিয়ারে অসংখ্যবার চোটে পড়া কাকা প্রশংসা করেছেন নেইমারের এই ধৈর্যশক্তির। তার মতে, পুরনো ছন্দে ফেরাটা নেইমারের জন্য এখন কিছু সময়ের ব্যাপার, ‘বিশ্বকাপের আগে সে প্রায় তিন মাস চোট কাটানোর প্রক্রিয়ায় ছিল। তাই ছন্দ ফিরে পেতে তার কিছুটা হয়তো সময় লাগবে। সে প্রতি ম্যাচেই উন্নতি করছে এবং আমার মনে হয় তার ব্যাপারে সতর্ক থাকা উচিত। তাকে সবসময় উদ্বুদ্ধ করা উচিত। এবং সবচেয়ে বড় কথা, অপেক্ষা করা উচিত। কারণ, সে নিশ্চিতভাবেই ভালো করবে। সে জন্য সময় দিতে হবে তাকে। তার খেলার ধরন নিয়ে কখনোই কোনো প্রশ্ন ছিল না। তাই তাকে নিজের শতভাগে ফিরতে সময় দিতে হবে।’
পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো যে রকম মাঠে নির্ভার থেকে খেলেন, ব্রাজিল দলের থিঙ্কট্যাঙ্কদের প্রতি কাকার পরামর্শ, নেইমারকেও যেন ঠিক সে রকম নির্ভার রাখা হয়, ‘নেইমারের কাঁধে এত প্রত্যাশার চাপ তুলে দেওয়াটা ভালো কিছু নয়। তাছাড়া তাকেও এ ব্যাপারে সতর্ক থাকতে হবে, সমালোচনাগুলোকে খুব বেশি পাত্তা দেওয়া চলবে না। সে নিজেকে কীভাবে সামলাবে এবং কোচিং স্টাফরা তাকে কীভাবে সামলাবে, সেটার ওপর অনেক কিছু নির্ভর করছে। পর্তুগাল যেভাবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে মাঠে নির্ভার রাখে, ব্রাজিলেরও সেটাই করা উচিত। তবেই আমরা নেইমারের সেরাটা দেখতে পাব।’