শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: সরকার যত অপকৌশলই করুক না কেনো আগামী জাতীয় নির্বাচনে বেগম খালেদা জিয়াকে দূরে সরিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে বিএনপি। বরং বেগম জিয়া বিহীন নির্বাচন দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা পাবেনা এবং দেশের জনগণ তা মেনেও নেবে না। নির্বাচনের নীলনকশা প্রতিরোধ করতে জনগণ এখন বদ্ধপরিকর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব বলেন।
এদিকে ঢাকায় সমাবেশের অনুমতি না দেয়ার প্রতিবাদে বিএনপি ঢাকায় কালো পতাকা মিছিলের যে কর্মসূচি দিয়েছিল তাতে সংশোধন আনা হয়েছে। শনিবার ঢাকায় কালো পতাকা মিছিলের পরিবর্তে ‘কালো পতাকা’ প্রদর্শন করবে বিএনপি।
রুহুল কবির রিজভী একথা জানিয়ে বলেন, ঢাকায় যে সমাবেশ করার কথা ছিলো, এই সমাবেশ পুলিশ করতে না দেয়ার পৈশাচিক জিঘাংসার প্রতিবাদে আমরা শনিবার ঢাকায় কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলাম। এর একটু সংশোধনী হয়েছে। সেদিন কালো পতাকা মিছিল না হয়ে হবে কালো পতাকা প্রদর্শন। বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মী, জাতীয়তাবাদী শক্তি ও গণতন্ত্রী মানুষজন যে যেখানে যে অবস্থানে থাকবেন তারা কালো পতাকা প্রদর্শন করবেন- এই আহবান আমরা করছি।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মো: মুনির হোসেন, বেলাল আহমেদ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত প্রমুখ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন থেকে মাইনাস করার উদ্দেশেই সরকার নীল নকশা এঁটে বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক মিথ্যা মামলায় কারাবন্দী করেছে, এটা জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে। মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে বিএনপি চেয়ারপারসন তথা জাতীয়তাবাদী শক্তিকে রুদ্ধ করা যাবে না। ইতোমধ্যে খালেদা জিয়াকে বন্দী করার পর দেশবাসী জেগে উঠেছে, বাধা বিপত্তি উপেক্ষা করে অসংখ্য মানুষ রাজপথে নেমে গেছে। সারাদেশব্যাপী নিন্দার ঝড় বইছে। এতেই সরকারের ভীত নড়বড়ে হয়ে উঠেছে। তাই সরকারের শীর্ষ পর্যায়ে মন্ত্রীরা যতোই আবোল-তাবোল বকুক না কেনো খালেদা জিয়াবিহীন নির্বাচনের নীলনকশা প্রতিরোধ করতে জনগণ এখন বদ্ধপরিকর। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আওয়ামী লীগের ব্যাপক ভরাডুবি হবে ভেবেই মিথ্যা মামলা দিয়ে বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা প্রদান করা হয়েছে। প্রহসনের সাজানো মামলায় বন্দী করা হয়েছে দেশনেত্রীকে।
তিনি বলেন, গণতন্ত্র শুণ্যতার কারণেই ক্ষমতার ভারসাম্য বলে কিছু নেই। একজনের ক্ষমতাই সর্বব্যাপী। আইন, বিচার, আদালত ‘সর্বত্রই শেখ হাসিনার ছায়াশাসনের আওতাভুক্ত’। আওয়ামী সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোকে দমন করার জন্যই অকাতরে মামলার মধ্যে জড়িয়ে এখন সাজা দেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
যারা বিরোধী দলকে নিশ্চিহ্ন করে জোর করে ক্ষমতা আঁকড়ে থাকে তাদেরকে অবলম্বন করতে হয় অনাচারের ওপর। এই অনাচারে একদিকে যেমন চলছে জবরদখল, খুনের ভয়, রক্তপাত, চাঁদা আদায়ের দাপট ও বেঘোরে জীবনহানির নিরাপত্তাহীনতার মাধ্যমে নাগরিকদের প্রাণ ওষ্ঠাগত করা, আর অন্যদিকে অনাচারের একটি কুৎসিত দিক হচ্ছে-প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়ে দেশকে আদিম কালের ঘন অন্ধকারের দিকে ঠেলে দেয়া।
পরীক্ষার দুই ঘণ্টা আগে প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং শিক্ষামন্ত্রীর সহনীয় মাত্রায় দুর্নীতি করার পরামর্শ, একথাগুলো যেন আওয়ামী লীগের সরকার পরিচালনার ইশতেহার। মন্ত্রী ও সচিবকে বাঁচাতে নকলের পক্ষে প্রধানমন্ত্রী অবস্থান নিয়েছেন। যেমন শিক্ষা বিভাগের কর্মকর্তাদের প্রশ্রয় দিতে সহনীয় মাত্রায় দুর্নীতির কথা বলা হয়েছে। এটি জাতির ভবিষ্যতের জন্য এক অশুভ বার্তাবহ। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত সিন্ডিকেট আরো বেশি উৎসাহিত হয়ে উঠেছে। পৈশাচিক অনাচারের ধারাবাহিকতায় গুম-খুনের হিড়িকে প্রধানমন্ত্রী জনগণের রক্ত-মাংস-হাড় ও শিক্ষা ধ্বংসের বিনিময়ে গড়তে চাচ্ছেন এক অলৌকিক ক্ষমতার দেউল।
তবে তাদের কোনো কারসাজিই ধোপে টিকবে না। ষড়যন্ত্রের রাজনীতিকে পদাঘাত করে জনগণ তাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবেই ইনশা আল্লাহ। ব্যাপক গণঅভ্যুত্থানের একটা জোরালো হাওয়া দেশে বইতে শুরু করেছে। এই হাওয়াতেই অবৈধ ক্ষমতার সিংহাসন ভুতলে শায়িত হবে।
কেনো ‘কালো পতাকা মিছিলে’র পরিবর্তে ‘কালো পতাকা প্রদর্শন’ কর্মসূচিতে গেলেন এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, আমরা মনে করি, কালো পতাকা প্রদর্শন কর্মসূচির ব্যাপকতা অনেক বেশি। এতে সাধারণ মানুষও অংশ নিতে পারবে। গৃহে, দোকানে বিভিন্ন জায়গায় মানুষজন কালো পতাকা উত্তোলন করতে পারবে। সরকার যে অন্যায়ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মিথ্যা সাজানো মামলায় সাজা দিয়ে কারাগারে বন্দি করে রেখেছে- এই অন্যায়ের প্রতিবাদে আমাদের এই কর্মসূচি।
এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে আগামীকাল শুক্রবার বিকেল তিনটায় রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা হবে বলে জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব।