শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
জামায়াতে ইসলামী নতুন নামে দল গঠন করলেও পুরনো আদর্শ থেকে সরবে না। দলটির উদারপন্থি নেতারা কট্টরপন্থা ছেড়ে একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চেয়ে নতুন নামে মধ্যডানপন্থি দল গঠন করতে জামায়াতকে প্রস্তাব দিলেও তা কার্যকর হচ্ছে না।
জামায়াত সূত্র জানিয়েছে, নতুন সংগঠন গড়ে তুলতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। ৯ বছর ধরে চলা ধরপাকড় এবং সরকারের ‘দমনপীড়ন’ থেকে বাঁচতে নতুন নামে দল গঠনের সিদ্ধান্ত হলেও নীতি-কর্মপন্থা বদল হবে না। জামায়াত নিষিদ্ধ হবে- এ আশঙ্কা থেকেই দলের নির্বাহী পরিষদ নতুন একটি সংগঠন গড়ে তোলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। নতুন নামে দল গঠন করা হলেও জামায়াত বিলুপ্ত করা হবে না। বরং নতুন দল হলে আড়াল থেকে তার নিয়ন্ত্রক হিসেবে থাকবে।
পরিবেশ-পরিস্থিতির কারণে নতুন সংগঠন গড়ে তোলা হলেও তার নীতি হবে জামায়াতের বর্তমান নীতির অনুরূপ। একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার চিন্তা নেই জামায়াতের। এ বিষয়ে জানতে দলের নির্বাহী পরিষদের সদস্য সৈয়দ আবদুল্লাহ তাহেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। তিনি বলেছেন, দলে অনেক প্রস্তাব ও আলোচনা থাকে। নতুন দল গঠন বা অন্য কোনো সিদ্ধান্ত থাকলে গণমাধ্যমকে জানানো হবে।
গত শুক্রবার জামায়াত থেকে পদত্যাগ করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক। তিনি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম নির্বাহী পরিষদের সদস্য ছিলেন। একই দিন জামায়াত থেকে বহিস্কৃত হন জামায়াতের মজলিশে শূরার সদস্য মজিবুর রহমান মঞ্জু। তারা দু’জনেই একাত্তরে স্বাধীনতাবিরোধী ভূমিকার জন্য ক্ষমা চেয়ে জামায়াত বিলুপ্ত করে নতুন নামে দল গঠনের প্রস্তাব দিয়েছিলেন।
আবদুর রাজ্জাকের পদত্যাগ এবং মজিবুর রহমান মঞ্জুর বহিস্কারের পর দলের সব স্তরের জন্য একটি ‘দৃষ্টি আকর্ষণী’ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় জামায়াত। এতে বলা হয়েছে, ‘দেশের বিদ্যমান পরিস্থিতিতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের গত ১৪ জানুয়ারি অধিবেশনের কতিপয় গুরুত্বপূর্ণ প্রস্তাবনা কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্যদের বিবেচনার জন্য পাঠানো হয়। শূরা সদস্যদের মতামত পর্যালোচনার পর কেন্দ্রীয় মজলিশে শূরা প্রদত্ত এখতিয়ারের ভিত্তিতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদে সুনির্দিষ্ট কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেখানে একটি নতুন সংগঠন গড়ে তোলার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য সম্মানিত সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি কার্যক্রম শুরু করেছে।’
জামায়াত সংস্কারপন্থি নেতাদের সূত্র জানিয়েছে, আবদুর রাজ্জাকের পদত্যাগে জামায়াতের সর্বত্র নাড়া পড়েছে। এ কারণেই দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা জারি করতে হয়েছে। জামায়াতের দাবি অনুযায়ী এক মাস আগে নতুন দল গঠনে কমিটি হলেও তা এখন কর্মীদের জানাতে হচ্ছে। যাতে কর্মীরা সংস্কারপন্থিদের দিকে না ভেড়েন। দলে যেন ভাঙন না ধরে। ভাঙনের ভয় থেকেই আবদুর রাজ্জাকের মতের অনুসারীদের ‘শান্ত’ রাখতেই কমিটির খবর তৃণমূলের নেতাকর্মীদের জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সংগঠনের সব সিদ্ধান্ত আমিরে জামায়াত, সেক্রেটারি জেনারেল, আঞ্চলিক দায়িত্বশীল, জেলা ও মহানগর আমিরদের মাধ্যমে যথাসময়ে সরাসরি জানানো হবে। এর বাইরে কারও আবেদন, নিবেদন ও অনুরোধে সাড়া না দিতে দলের নেতাকর্মীদের সতর্ক করা হয়।
জামায়াতের একটি সূত্র জানায়, কমিটি গঠন করা হলেও কারা এর সদস্য তা জানানো হয়নি। গোপন রাখা হয়েছে দলের নেতাকর্মীদের কাছেও। তবে সমকাল জানতে পেরেছে, নতুন সংগঠন গড়ে তুলতে যে কমিটি করা হয়েছে, তার সদস্যদের মধ্যে রয়েছেন ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, রফিকুল ইসলাম খান ও মাওলানা আবদুল হালিম।
জামায়াত আরেকটি সূত্র থেকে জানা যায়, শফিকুর রহমান, রফিকুল ইসলাম খান এবং মাওলানা আবদুল হালিম তিনজনই সংস্কারের বিপক্ষে। একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাওয়ারও বিপক্ষে তারা। ওই সূত্রটির দাবি, কমিটিতে যাদের রাখা হয়েছে, তাদের মনোভাবের কারণে আবদুর রাজ্জাক ও তার অনুসারীদের পরামর্শে কট্টর ডানপন্থা ছাড়বে না নতুন নামের দলও। তবে নিকট ভবিষ্যতে আর রাজনৈতিক কর্মকাণ্ডে থাকবে না জামায়াত। ধর্মীয় কর্মকাণ্ডেই সীমাবদ্ধ থাকবে।
মুসলিমপ্রধান দেশগুলোতে গত দশকে রাজনীতিতে যেসব মধ্য-ডানপন্থি দলের উত্থাপন হয়েছে, তার আদলে দল করার পরামর্শ দিয়েছিলেন আবদুর রাজ্জাক। গতকাল বুধবার লন্ডন থেকে তিনি সমকালকে একই কথা বলেন। নতুন সংগঠন গড়তে সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে যে কমিটি হয়েছে তা নিয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি। আবদুর রাজ্জাক সমকালকে বলেন, তিনি আর জামায়াতে নেই। তাই জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলাকে সমীচীন মনে করেন না। তবে তিনি এখনও বিশ্বাস করেন, জামায়াতের উচিত- একাত্তরের ভূমিকা পরিস্কার করে নতুন রাজনীতি শুরু করতে একটি দল করা। যে দল ধর্মভিত্তিক হবে না, তবে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হবে। গণতন্ত্র, সাম্য ও সামাজিক ন্যায়বিচারের এজেন্ডা নিয়ে চলবে। তাতে নারীদের কার্যকর অংশগ্রহণ থাকতে হবে।
তৃণমূলের নেতাকর্মীদের জন্য যে নির্দেশনা জারি করা হয়েছে, তাতে বলা হয়েছে- আবদুর রাজ্জাক দল ছাড়লেও তার অতীতের সব অবদানকে সম্মানের চোখে দেখে জামায়াত। তাকে পদত্যাগ না করতে অনুরোধ করা হয়েছিল। পদত্যাগ করলেও এ খবর গণমাধ্যমে না দিতেও অনুরোধ করা হয়েছিল। তবে তিনি এসব অনুরোধ উপেক্ষা করেছেন, বিষয়টি জামায়াতের জন্য দুঃখজনক। তারপরও আবদুর রাজ্জাক সম্পর্কে বিরূপ কোনো মন্তব্য না করতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। আবদুর রাজ্জাক সমকালকে বলেন, জামায়াতের এ সৌজন্যের জন্য তিনি তাদের ধন্যবাদ জানান।
জামায়াতের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, মজিবুর রহমান মঞ্জু কয়েক বছর ধরে প্রকাশ্যে দলের বিভিন্ন বিষয়ে ভিন্নমত প্রকাশ করেছিলেন। তাকে সতর্ক করে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছিল। কিন্তু তার প্রতি দলের এই উদারতার কোনো মূল্য দেননি ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জু। তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজ দায়িত্বে একটি দল গঠনের চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ করা হয় জামায়াতের নির্দেশনায়।
মজিবুর রহমান মঞ্জু বলেন, তিনি বহিস্কারের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। তবে দলের তরুণ নেতারা পরিবর্তনের জন্য উদগ্রীব। তিনি আশাবাদী জামায়াতের শীর্ষ নেতারা একদিন তাদের আহ্বান মেনে নেবেন। সূত্র : সমকাল